সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
একসময় টেলিভিশন, মঞ্চ ও সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন সমু চৌধুরী। দীর্ঘদিন ধরে অসুস্থ এই অভিনেতার সাম্প্রতিক কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মীরা। এবার সমু চৌধুরীর চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ।
সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন তাঁর ছেলে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে চিকিৎসার উদ্যোগ নিয়েছে অভিনয়শিল্পী সংঘ।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, সমু চৌধুরীর পরিবারের সম্মতি পাওয়ার পর চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে সংগঠনটি।
রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ (গতকাল) সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’
সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি নিয়ে প্রায় তিন বছর আগেও উদ্যোগ নিয়েছিল সংগঠনটি। সে সময় গফরগাঁওয়ে তাঁকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন শিল্পী সংঘের সদস্যরা। তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সম্মতি পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে রাশেদ মামুন অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে শিল্পী সংঘ থেকেই ওনাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ই আমরা চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তাঁর পরিবার সে সময় রাজি হয়নি। এবার তাঁর চিকিৎসার জন্য পরিবারের সম্মতি পেয়েছি।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে তাঁর ভক্ত ও সহকর্মীদের মধ্যে। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে তাঁর উপস্থিতির ভিডিও ধারণ করে অনলাইনে প্রকাশ করছেন অনেকে। এসব ভিডিওর বদলে অভিনেতার চিকিৎসা ও সুস্থতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
পরিবারের সম্মতি পাওয়ায় এবার সমু চৌধুরীর চিকিৎসা শুরু করার পথে এগোচ্ছে অভিনয়শিল্পী সংঘ।

বিনোদন ডেস্ক