ভোটে জিতলেই ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার কনসার্ট
দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা। কোকা-কোলা বাংলাদেশের এই আয়োজনে ভোটের মাধ্যমে সেরা তিনটি বিশ্ববিদ্যালয় পাবে নিজেদের ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট আয়োজনের সুযোগ। পাশাপাশি সংগীত প্রতিভা তুলে ধরে কনসার্টে পারফর্ম করার সুযোগও পাবেন শিক্ষার্থীরা। ২৬ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।
২৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোকা-কোলা বাংলাদেশ। প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে এই আয়োজন।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনতে হবে। পণ্যের সঙ্গে পাওয়া স্ক্র্যাচ কার্ডে থাকা বিশেষ কোড ব্যবহার করে ক্যাম্পেইনের ওয়েবসাইটে নিজেদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দিতে পারবেন তাঁরা। প্রতিযোগিতার অগ্রগতি দেখা যাবে লাইভ লিডারবোর্ডে। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে বিশেষ কনসার্ট।
শুধু ভোট নয়, শিক্ষার্থীদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগও থাকছে এ আয়োজনে। ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত কোক স্টুডিও বাংলার বিশেষ রেকর্ডিং বুথে নিজেদের পছন্দের গানের কভার পরিবেশনা রেকর্ড করতে পারবেন শিক্ষার্থীরা।
রেকর্ড করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। এরপর ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দিতে হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পরিবেশনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ সম্পৃক্ততা অর্জনকারী শিক্ষার্থী কনসার্টে গান গাওয়ার সুযোগ পাবেন।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, ‘কোক স্টুডিও বাংলা সব সময়ই সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করে এসেছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই এবং তাদের নিজেদের মতো করে এই অভিজ্ঞতার অংশগ্রহণের সুযোগ দিতে চাই।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বন্ধুদের নিয়ে ভোটের প্রচারণা চালানো থেকে শুরু করে রেকর্ডিং বুথে পরিবেশনা, সবকিছুর মধ্য দিয়ে প্রতিযোগিতাটিকে নিজেদের করে নেবেন বলে তাঁরা আশা করছেন।
আয়োজনের অংশ হিসেবে ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের পরিবেশনা ও নানা অভিজ্ঞতার ব্যবস্থা থাকবে। এসব আয়োজনের উল্লেখযোগ্য মুহূর্ত তুলে ধরা হবে কোক স্টুডিও বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিনোদন ডেস্ক