হাসপাতালে বসেও কবিতা পড়ছেন রিফাত চৌধুরী
কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এই অভিনেতা। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
সর্বশেষ জানা গেছে, অসুস্থ শরীরেও নিজেকে চাঙ্গা রাখতে হাসপাতালে কবিতা পড়ছেন রিফাত চৌধুরী। চিকিৎসা শেষে আবার অভিনয় ও কবিতার জগতে সক্রিয় হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, বন্ধু ও শিল্প-সাহিত্য অঙ্গনের মানুষদের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্ম নেওয়া রিফাত চৌধুরীর সাহিত্যজগতে পথচলা শুরু আশির দশকে। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে কবিতার জগতে প্রবেশ করেন তিনি। আশির দশকের লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। এখন পর্যন্ত তাঁর ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
কবিতার পাশাপাশি অভিনয়েও দীর্ঘ ক্যারিয়ার রয়েছে রিফাতের। পাঁচ শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে।
তবে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাঁকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। কমেডি থেকে সামাজিক ও বাস্তবধর্মী—বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দীর্ঘদিন ধরে টেলিভিশন দর্শকদের বিনোদন দিয়েছেন এই অভিনেতা।
বর্তমানে হাসপাতালের শয্যায় থাকলেও সৃষ্টিশীল কাজ থেকে দূরে থাকতে চান না রিফাত চৌধুরী। সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর পাশাপাশি কবিতা লেখার প্রত্যাশাও রয়েছে তাঁর। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

বিনোদন ডেস্ক