দীর্ঘ আট বছর পর একসঙ্গে আসিফ আকবর ও সুরকার রাজেশ
বাংলা গানের জনপ্রিয় জুটি সুরকার রাজেশ ঘোষ ও কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন। গত শনিবার রাজেশের সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। এর আগে ২০১৮ সালে সর্বশেষ দুজনে একসঙ্গে কাজ করেছিলেন।
নতুন এই কাজের বিষয়ে রাজেশ জানান, এটি একটি বিশেষ প্রজেক্টের গান। পুরো কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে। গানটির কথা ও সুর করেছেন রাজেশ নিজেই, আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ধ্রুব মিউজিক স্টেশন থেকে এটি প্রকাশিত হবে।
উল্লেখ্য, ২০০০ সালের দিকে পরিচয়ের পর প্রদীপ সাহার কথায় রাজেশের সুরে আসিফ আকবরের কণ্ঠে একের পর এক ব্যবসাসফল গান মুক্তি পায়। তাদের উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’ ও ‘ডানা ভাঙা পাখির মতো’। দীর্ঘ আট বছর পর এই জুটির প্রত্যাবর্তনে পুরোনো দিনের সেই সোনালী স্মৃতির কথাই মনে করিয়ে দিচ্ছে ভক্তদের।

বিনোদন ডেস্ক