পর্দার ‘ফুফু’ এবার বাস্তবেও, যা বললেন দীপা খন্দকার
টেলিভিশন নাটকে একসময় নায়িকা চরিত্রে দর্শক মাতিয়েছেন দীপা খন্দকার। সময়ের সঙ্গে বদলেছে তাঁর পর্দার চরিত্রও। এখন বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের ভূমিকায় নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। চরিত্র বদলালেও দর্শকের ভালোবাসায় অবশ্য ভাটা পড়েনি। বরং সাম্প্রতিক সময়ে ‘ফুফু’ চরিত্রে অভিনয় করে পেয়েছেন নতুন পরিচিতি।
সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে দীপা খন্দকারের অভিনীত ফুফু চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতটাই যে, মানুষও তাকে ‘ফুফু’ বলে ডাকা শুরু করেছে!
এক সাক্ষাৎকারে দীপা খন্দকার বলেন, “এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে ‘ফুফু’ বলে ডাকে।”
দীপা খন্দকার মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক। তাঁর ভাষায়, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’
বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে অভিনয় করছেন দীপা খন্দকার। পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ বেশ কয়েকটি নাটকেও কাজ করছেন তিনি।

বিনোদন ডেস্ক