জীবন সুন্দর, শুধু দেখার চোখটা বদলাতে হয়: ক্যানসার জয়ের লড়াইয়ে অদম্য সামিয়া আফরিন
গ্ল্যামার জগতের দ্যুতি ছড়ানো পরিচিত মুখ, জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের মতো মারণব্যাধির সঙ্গে এক বুক সাহস নিয়ে লড়াই করে চলেছেন এই লড়াকু তারকা। এর আগে কোলন ক্যানসার সফলভাবে জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় তিন মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বার বাসা বাঁধে ম্যালিগন্যান্ট টিউমার । অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান সেটি ছিল হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে নিয়মিত কেমোথেরাপির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।
চিকিৎসার এই কঠিন পর্যায়ে কেমোথেরাপির প্রভাবে মাথার চুল ঝরে পড়ার বিষয়টি অবধারিত জেনেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সামিয়া। চুল হারানোর আগে নিজেই মাথা ন্যাড়া করে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এক অনুপ্রেরণাদায়ী বার্তা, যা মুহূর্তেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ন্যাড়া মাথার ছবি ও ভিডিও প্রকাশ করে সামিয়া লিখেছেন, ‘জীবন সবসময় আমাদের ইচ্ছেমতো গল্প লেখে না, কিন্তু প্রতিটি অধ্যায়ের মাঝেই লুকিয়ে থাকে কোনো না কোনো সৌন্দর্য। পরিস্থিতি যেমনই হোক, বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই একেকটি উপহার। জীবন সুন্দর শুধু তাকে সুন্দর করে দেখার চোখটা আমাদের নিজের হতে হয়।’
এর আগে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, বড় হয়ে বিশেষ কোনো কারণ ছাড়া চুল হারানোর অভিজ্ঞতা মোটেও সহজ নয়। তবে জীবনের অনাকাঙ্ক্ষিত পরিবর্তনগুলোকেও হাসিমুখে মেনে নিতে হয়। নিজের এই পরিবর্তিত রূপ নিয়ে কোনো ধরনের সংকোচ বা দ্বিধা নেই জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সৌন্দর্য কেবল আয়নায় দেখা কোনো বিষয় নয়। নিজের প্রতি ভালোবাসা ও নিজের বাস্তবতাকে গ্রহণ করতে পারার মধ্যেই প্রকৃত সৌন্দর্য। চুল থাকুক কিংবা না থাকুক, নিজেকে নিজের মতো করে গ্রহণ করাই আসল সৌন্দর্য।’
২০২২ সালের এপ্রিলের দিকে প্রথম সামিয়ার শরীরে কোলন ক্যানসার ধরা পড়েছিল। সে সময় সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা ও ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এমনকি ক্যানসার আক্রান্ত অন্যান্য রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে পাশেও দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই স্বস্তির দিনগুলোর মাঝেই সম্প্রতি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন তিনি। পূর্বের ইমিউনোথেরাপির অভিজ্ঞতা থেকে এবারের কেমোথেরাপির লড়াইটা সম্পূর্ণ আলাদা ও কঠিন হলেও বিন্দু মাত্র মনোবল হারাননি এই পজিটিভ স্টার।
হতাশাকে দূরে ঠেলে সামিয়া আফরিনের এই অদম্য মানসিক শক্তি ও আত্মবিশ্বাস ক্যানসার আক্রান্ত রোগীসহ সমাজের প্রতিটি মানুষের জন্যই এক বিরাট অনুপ্রেরণা। কঠিন এই লড়াই জয় করে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের।

বিনোদন ডেস্ক