জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার, ছবি ভাইরাল
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। পর্দায় তাদের জুটি যেমন দর্শকের নজর কাড়ে, তেমনি বাস্তব জীবনের রসায়নও বরাবরই থাকে আলোচনায়। এবার স্বামীর জন্মদিনে আলিয়ার ভালোবাসার প্রকাশ যেন নতুন করে মুগ্ধ করল তারকা দম্পতির ভক্তদের।
গতকাল সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ দিনটিতে স্বামীর সঙ্গে সময় কাটিয়েছেন আলিয়া। শুধু তাই নয়, জন্মদিনের মুহূর্তগুলো ধরে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্থডে স্পেশাল একগুচ্ছ ছবি প্রকাশ করেন আলিয়া ভাট।
আলিয়ার শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি ছবি বিশেষভাবে ভক্তদের নজর কেড়েছে। সেখানে ঘরের এক কোণে রাখা আর্মচেয়ারে বসে রণবীরকে পরম মমতায় কোলে তুলে জড়িয়ে থাকতে দেখা যায় আলিয়াকে। কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর আর লাল পোশাকে আলিয়া—দুজনকেই দেখা যায় একে অপরের দিকে তাকিয়ে খুনসুটিতে মেতে থাকতে। যা মূলত নজর কেড়েছে এই তারকা দম্পতি ভক্তদের।
পোস্টটির ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’। পোস্টটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভক্তরাও রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারকা দম্পতির এই মিষ্টি মুহূর্তের প্রশংসা করেন।
বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ত রণবীর ও আলিয়া। সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। পিরিয়ড ড্রামাভিত্তিক এই সিনেমার প্রচারণার কাজও চলছে।
২০২২ সালে বিয়ের পর এই তারকা দম্পতির সংসারে এসেছে মেয়ে রাহা। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন তারা। বিশেষ করে রণবীরের ব্যস্ততা এখন অনেক বেশি। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পাশাপাশি চার হাজার কোটি রুপির মেগাপ্রকল্প ‘রামায়ণ’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
তবে সব ব্যস্ততার মাঝেও জন্মদিনের এই বিশেষ মুহূর্তে আলিয়ার কোলে রণবীরের হাসিমাখা ছবি যেন বলে দিল—তারকাখ্যাতির বাইরে তাদের সম্পর্কের উষ্ণতাও কম নয়।

বিনোদন ডেস্ক