শাকিব-দেবের নায়িকা ইধিকার আসল নাম কী ছিল?
শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরপর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ এবং টলিউডে দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে পর্দার এই অভিনেত্রীর আসল নাম কিন্তু ইধিকা নয়।
অভিনয় জীবনের শুরুর দিকে ‘টুম্পা পাল’ নামেই পরিচিত ছিলেন ইধিকা। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সময়ও এই নামেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি।
তবে বড় পর্দায় নিজের আলাদা পরিচয় তৈরি করার স্বপ্ন থেকেই নাকি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় ইন্ডাস্ট্রিতে নিজের জন্য একটু আলাদা ও ব্যতিক্রমী একটি নাম খুঁজছিলেন তিনি। সেই ভাবনা থেকেই ‘ইধিকা’ নামটি বেছে নেন।
নাম বদলের পর যেন বদলে যায় তার ক্যারিয়ারের গতিপথও। ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখে একের পর এক আলোচিত সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। শাকিব খান ও দেবের মতো তারকার বিপরীতে কাজ করে ইতোমধ্যে দুই বাংলার দর্শকের কাছেই পরিচিত মুখ হয়ে উঠেছেন ইধিকা।
বর্তমানে আরও কয়েকটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। নির্মাতা সৃজিত মুখার্জীর ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর নতুন একটি প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতে ইধিকার অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো প্রযোজনা সংস্থা বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিনোদন ডেস্ক