আত্মহত্যা করেছেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’এর অভিনেতা আরজে মিটি মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সিরিজটিতে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।
অভিনেতার ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পরে তাঁর মুখপাত্র জানান, আত্মহত্যা করেছেন আরজে মিটি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে মিটির ব্যবস্থাপনা সংস্থা জানায়, তাঁর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে তাঁকে প্রতিভাবান অভিনেতা, জনহিতৈষী এবং প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সোচ্চার কর্মী হিসেবে উল্লেখ করা হয়।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার ‘ফ্লিন’ হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করেন মিটি। সিরিজটির পাইলট পর্বের শুটিং শুরুর সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। পাঁচ মৌসুমের এই সিরিজটি মোট ১৬টি এমি পুরস্কার জিতেছে।
বাস্তব জীবনেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন মিটি। এ কারণে শরীরের নড়াচড়া ও পেশি নিয়ন্ত্রণে সমস্যার মুখোমুখি হতে হতো তাঁকে। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্দায় চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ এর বাইরে ২০১৯ সালের ‘স্ট্যান্ডিং আপ ফর সানি’ এবং ২০২১ সালের ‘ট্রায়াম্ফ’ সিনেমায় অভিনয় করেন মিটি। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী শিল্পীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন তিনি। স্ক্রিন অ্যাক্টরস গিল্ডে প্রতিবন্ধী শিল্পীদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ইউনাইটেড সেরিব্রাল পালসি ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্ম মিটির। জন্মের সময় মস্তিষ্কে আঘাত পাওয়ার পর তাঁকে দত্তক নেওয়া হয়। তিন বছর বয়সে তাঁর সেরিব্রাল পালসি শনাক্ত হয়। মাত্র ১৩ বছর বয়সে দত্তক নেওয়া মা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি।

বিনোদন ডেস্ক