শিশুকে স্তন্যপান, কমায় ক্যানসারের ঝুঁকি
যেসব নারী শিশুকে বুকের দুধ খাওয়ান তাঁদের ৩০ শতাংশের স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি কম থাকে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য জানানো হয়। ওকল্যান্ডের কায়সার পারমানেন্ট ডিভিশন অব রিসার্চের নতুন এই গবেষণায় বলা হয়, বুকের দুধ খাওয়ালে স্তনে জেনিটিক সাবটাইপস সম্পর্কিত টিউমার হওয়ার আশঙ্কা কমে; স্তন ক্যানসারের ঝুঁকি কমে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন।
গবেষণাটির প্রধান ড. মারলিন এল. কাউন বলেন, এই গবেষণায় এক হাজার ৬৩৬ জন নারীর মধ্যে বুকের দুধ পানের ভূমিকা পরীক্ষা করা হয়েছে। ফলাফলে দেখা যায়, যারা শিশুকে সঠিকভাবে বুকের দুধ পান করিয়েছেন তাঁদের স্তন ক্যানসারের আশঙ্কা কম।
বুকের দুধ খাওয়ানোর সঙ্গে স্তন ক্যানসারের একটি সম্পর্ক রয়েছে, এ রকম পুরনো একটি গবেষণাকে ভিত্তি করে নতুন গবেষণাটি করা হয়। নতুন গবেষণাটিতে বুকের দুধ কোন ধরনের ক্যানসার প্রতিরোধে সাহায্য করে এ বিষয়ে বর্ণনা করা হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, স্তন ক্যানসারের একটি ধরন লুমিনাল ‘এ’ প্রতিরোধে বুকের দুধ খাওয়ানো বেশ ভালো কাজে দেয়। লুমিনাল ‘এ’ ধরনের টিউমারে অতিমাত্রায় এসট্রোজেন হরমোন পাওয়া যায়। একে হরমোন থেরাপি দিয়ে চিকিৎসা করা হয়। যেমন, ট্যামোক্সিফেন ও এরোমাটাস ইনহিবিটরস দিয়ে চিকিৎসা করা হলে ভালো ফলাফল পাওয়া যায়। গবেষকরা বলেন, যেসব নারী শিশুকে বুকের দুধ খাওয়ান তাঁদের এই জাতীয় রোগ হওয়ার আশঙ্কা কম থাকে।
গবেষকরা আরো বলেন, বুকের দুধ খাওয়ানো শিশুর জন্য যেমন উপকারী তেমনি উপকারী মায়ের জন্যও। তবে এটি তাঁদের জন্যই কার্যকরী যাঁরা ছয় মাস বা তার বেশি সময় ধরে শিশুদের বুকের দুধ খাওয়ান।
বুকের দুধ পান করলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বুকের দুধ পান ঋতুচক্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে; হরমোনের ভারসাম্য বজায় রাখে। এএপির তথ্য মতে, যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়ান তাঁদের স্তন ক্যানসার বা জরায়ু ক্যানসারের আশঙ্কা কমে।
গবেষণাটি প্রকাশ করা হয় ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের জার্নালে।

শাশ্বতী মাথিন