গাজীপুরে হামে আক্রান্ত ২৭ শিশু হাসপাতালে ভর্তি
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে ২৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে তাদের বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন দিনে হাসপাতালের ১০তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত মোট ৩১ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় তিনজনকে ছাড়পত্র (রিলিজ) দেওয়া হয়েছে। এছাড়া একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ২৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, গত তিন দিনে ভর্তি হওয়া শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
পরিচালক আরও বলেন, শিশুরা যেন অপুষ্টিতে না ভোগে সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি হাম একটি ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত রোগীদের সুস্থ শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দেন তিনি।

নাসির আহমেদ, গাজীপুর