ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। আজ বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
এই সময়ে ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৬৭ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর চারজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ২ হাজার ৮৬১ জন ও ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন, এ সময় ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)