ঢাকার দুই সিটিতে হামের টিকা ১২ এপ্রিল
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকার পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকাতেও ১২ এপ্রিল থেকে এই টিকা দেওয়া হবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ-ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি ভিত্তিতে এই কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া আগামী ২৩ এপ্রিল থেকে দেশের অবশিষ্ট সকল জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা দেওয়া হবে।
টিকা সংগ্রহের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার এবার সরাসরি কোনো কোম্পানি থেকে নয়, বরং ইউনিসেফের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সহায়তায় এই টিকা সংগ্রহ করছে। করোনাকালে সাশ্রয় হওয়া ৬০৪ কোটি টাকা দিয়ে অতিরিক্ত হামের টিকা কেনার প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সংকট না হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিগত কয়েক বছর নিয়মিত ক্যাম্পেইন না হওয়ায় এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় ত্রুটির কারণে সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে নিবিড় তদারকি নিশ্চিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক