‘এক কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এখন পর্যন্ত ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে মোট এক কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনা।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জাহেদ উর রহমান এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, গত ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে মোট এক কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনা।
সরকারের খাল খনন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, এই কর্মসূচির অন্তর্ভুক্ত খালের মোট দৈর্ঘ্য এক হাজার ২৬০ কিলোমিটার, যার মধ্যে এ পর্যন্ত ৫৬১ কিলোমিটার খনন করা হয়েছে। অর্থাৎ কাজের অগ্রগতির হার ৪৪ দশমিক ৫৫ শতাংশ।
সরকার আগামী বছর পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের পরিকল্পনা করছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা আরও বলেন, এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে। পহেলা বৈশাখ ঘিরে অনেকে বিভিন্ন ধরনের আশঙ্কা তৈরির চেষ্টা করেছিলেন, তবে সবাই স্বীকার করেছেন, এবারের মতো স্বতঃস্ফূর্ত ও বর্ণাঢ্য বৈশাখী উৎসব খুব কমই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক