রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হৃদয় (২৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৪টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা ছিলেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম হোসেন ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদয়ের মৃত্যুর প্রধান কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিন্ড্রোম’ উল্লেখ করা হয়েছে।
হাসপাতালের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে মোট ৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন বলেন, ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাই জ্বর, শরীর ব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)