প্রতিদিন ৩০ মিনিট সাইকেল চালালে কী হয় জানেন?
শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে ব্যস্ত জীবনে আলাদা করে ব্যায়ামের সময় বের করা অনেকের জন্য কঠিন। এ ক্ষেত্রে সাইকেল চালানো হতে পারে সহজ ও আনন্দদায়ক একটি উপায়। এটা অত্যন্ত ভালো একটি অ্যারোবিক ব্যায়াম। নিয়মিত সাইকেল চালালে শরীরের ক্যালরি খরচ হয়, পেশি সক্রিয় থাকে এবং হার্টের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।
বিশেষজ্ঞরা বলেন, দিনে অন্তত ৩০ মিনিট সাইকেল চালাতে হবে। আর সপ্তাহে অবশ্যই ৫ দিন চালানো উচিত। এই নিয়ম মেনে সাইকেল চালালে শরীরের একাধিক লাভ হবে। আসুন সেগুলো জেনে নেওয়া যাক—
ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
সাইকেল চালানোর সময় শরীরের ক্যালরি খরচ হয়। নিয়মিত এই অভ্যাসের সঙ্গে সুষম খাবার ও পর্যাপ্ত ঘুম যুক্ত হলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে। শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও এটি সহায়ক।
শক্তিশালী পেশি
সাইকেল চালানোর সময় পায়ের বিভিন্ন পেশি সক্রিয়ভাবে কাজ করে। নিয়মিত চালালে পায়ের পেশির শক্তি ও সহনশীলতা বাড়তে পারে। পাশাপাশি শরীরের ভারসাম্য ও চলাফেরার সক্ষমতা ধরে রাখতেও এটি সহায়তা করে। যার ফলে আঘাত পাওয়ার সমস্যা কমবে।
হার্ট ভালো থাকে
সাইকেল চালানো একটি কার্যকর অ্যারোবিক ব্যায়াম। নিয়মিত এ ব্যায়াম হার্টের কার্যক্ষমতা বাড়াতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। বড় ধরনের অসুখের আশঙ্কা কমে যাবে।
ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে
সাইকেল চালানোর সময় শ্বাস-প্রশ্বাসের গতি বাড়ে। নিয়মিত সাইকেল চালালে ফুসফুসের কার্যক্ষমতা ফিরবে। শ্বাসকষ্ট থেকে ধীরে ধীরে সেরে উঠবেন।
স্ট্যামিনা বাড়ে
প্রথম দিকে অল্প সময় সাইকেল চালালেও নিয়মিত অভ্যাসের ফলে ধীরে ধীরে দীর্ঘ সময় ব্যায়াম করার সক্ষমতা বাড়তে পারে। এতে দৈনন্দিন কাজের ক্লান্তি সামলানো সহজ হয় এবং শরীর আরও সক্রিয় থাকে। তাই নিয়মিত সাইকেল চালানোর বিষয়টাও মাথায় রাখুন।

ফিচার ডেস্ক