গরম ভাতের সাথে সুস্বাদু লইট্টা মাছের ভুনা
লইট্ট্যা মাছ খেতে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। সামুদ্রিক এ মাছের ভুনা গরম ভাতের সাথে খেতে বেশ মজা। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে লইট্টা মাছের ভুনা রান্না করবেন। যাঁরা ভাজাপোড়া খেতে পছন্দ করেন না, এ রান্না তাঁদের জন্য। এ রেসিপি চট্টগ্রামবাসীর খুব প্রিয়।
লইট্ট্যা মাছ রান্না করতে ঢাকনি দিতে হবে না। কারণ, লইট্ট্যা মাছ থেকে প্রচুর পানি বের হয়। ডায়েট কন্ট্রোল যারা করে, তাদের জন্য ভালো খাবার এটি। লইট্ট্যা মাছের তরকারি খেলে শরীরে অনেক অক্সিজেন সরবরাহ হয়। অনেকের খুব ক্লান্ত লাগে, খুব লম্বা নিশ্বাস নেয়, লইট্ট্যা মাছ সেই অক্সিজেনটা সাপ্লাই দেয়।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে লইট্টা মাছের ভুনার রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে লইট্টা মাছের ভুনা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো লইট্ট্যা মাছ
২. স্বাদমতো লবণ
৩. এক চা চামচ মরিচের গুঁড়ো
৪. এক চা চামচ ধনিয়া গুঁড়ো
৫. জিরার গুঁড়ো
৬. ১০-১২টি আস্ত রসুনের কোয়া
৭. আধা কাপ পেঁয়াজ কুচি
৮. ৮-১০টি কাঁচামরিচ
৯. পরিমাণমতো ধনেপাতাকুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে বাটিতে লইট্ট্যা মাছের টুকরোর সাথে লবণ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আস্ত রসুনের কোয়া ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
ফ্রাইপ্যানে তেল দিন। এবার মসলায় মাখানো মাছের টুকরোগুলো গরম তেলে ছেড়ে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লইট্ট্যা মাছের ভুনা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক