ঝটপট তৈরি করুন চিকেন চিজ কাটলেট
এখন পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে আমাদের খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। ইফতারে অনেকের পছন্দ চিকেন চিজ কাটলেট। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চিকেন চিজ কাটলেট রান্না করতে পারবেন। দারুণ স্বাদের রেসিপি।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে চিকেন চিজ কাটলেটের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন জনপ্রিয় সংবাদপাঠিকা ও ফুড ব্লগার নুসরাত ইসলাম। অনেকের মতো এটি তাঁর পছন্দের খাবার।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন চিজ কাটলেট রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ৫০০ গ্রাম মুরগির মাংসের কিমা
২. একটি ডিম
৩. এক চা চামচ লেবুর রস
৪. এক চা চামচ কাঁচামরিচ কুচি
৫. দুই টেবিল চামচ ক্যাপসিকাম কুচি
৬. দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি
৭. দুই টেবিল চামচ গাজর কুচি
৮. এক চা চামচ রসুন বাটা
৯. এক চা চামচ আদা বাটা
১০. দুই টেবিল চামচ সয়া সস
১১. স্বাদমতো লবণ
১২. এক টেবিল চামচ টমেটো সস
১৩. দুই টেবিল চামচ ধনেপাতা কুচি
১৪. তিন টুকরো ব্রেড
১৫. পরিমাণমতো চিজ
১৬. পরিমাণমতো ব্রেডক্রাম্ব
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের কিমা, ডিম, লেবুর রস, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, লবণ, টমেটো সস, ধনেপাতা কুচি ও ব্রেড দিয়ে ভালোভাবে মিশিয়ে স্টাফিং তৈরি করে নিন।
ফ্রাইপ্যানে তেল দিন। এবার স্টাফিং দিয়ে কাটলেট আকারে বানিয়ে ভেতরে চিজ দিয়ে ব্রেডক্রাম্ব জড়িয়ে গরম তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন চিজ কাটলেট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক