রিঠার ৫টি ভিন্ন ব্যবহার
রিঠার অনেক গুণাগুণ রয়েছে। প্রাকৃতিক এই উপাদান চুলের জন্য খুবই কার্যকর। কিন্তু আপনি কি জানেন, দৈনন্দিন জীবনে রিঠা কত কাজে ব্যবহৃত হয়? এতে কোনো রাসায়নিক পদার্থ নেই। তাই ক্ষতিরও আশঙ্কা নেই। রিঠা খুব একটা দামিও নয়। তাই ঘর পরিষ্কারসহ বিভিন্ন কাজে চাইলে আপনি রিঠা ব্যবহার করতে পারেন।
লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে রিঠার কয়েকটি ভিন্ন ব্যবহারের কথা। জেনে নিন, দৈনন্দিন জীবনে রিঠা কোন কোন কাজে লাগবে।
রিঠার মিশ্রণ তৈরি করুন :
প্রথমে ১২ থেকে ১৫টি রিঠা ছয় কাপ পানিতে ভিজিয়ে রাখুন। এবার এটি সেদ্ধ করুন। এক ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে সারা রাত রেখে দিন। এবার এই মিশ্রণ একটি বোতলে ভরে রাখুন। এভাবে রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত রিঠার মিশ্রণটি ভালো থাকবে। আরো বেশিদিন ভালো রাখতে চাইলে এতে সামান্য লেবুর রস মিশিয়ে রাখুন। অনেক দিন ভালো থাকবে।
রিঠার এই মিশ্রণ পরিষ্কারের কাজে ব্যবহার করুন :
১. কাঁচ পরিষ্কার করে
একটি বোতলে ২৫০ মিলিলিটার পানি নিয়ে এর মধ্যে ১৫ মিলিলিটার রিঠার মিশ্রণ ও সমপরিমাণে ভিনেগার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। কাচের ওপর স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন, কাচ নতুনের মতো ঝকঝক করছে।
২. গয়না পরিষ্কার করে
প্রথমে সোনার গয়না রিঠার মিশ্রণে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এর পর পুরোনো ব্রাশ দিয়ে ঘষে গয়নার ময়লা পরিষ্কার করুন। এবার পানি দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে গয়না আগের মতো হয়ে যাবে।
৩. প্রাকৃতিক হ্যান্ডওয়াশ
হাত ধোয়ার সময় রিঠার মিশ্রণ ভালোভাবে হাতে মেখে ধুয়ে ফেলুন। এতে হাত বেশ ভালোভাবে পরিষ্কার হবে। আর সাবান ব্যবহার করতে হবে না। রিঠার মিশ্রণে লেবুর রস মেশানো থাকলে প্রাকৃতিক এই হ্যান্ডওয়াশ অনেক দিন ভালো থাকবে।
৪. কার্পেট পরিষ্কার করে
কার্পেটের দাগ সহজে যেতে চায় না। দাগের ওপর সামান্য রিঠার মিশ্রণ স্প্রে করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন। দেখবেন, খুব সহজেই কার্পেটের দাগ উঠে যাবে।
৫. গাড়ি পরিষ্কার করে
গাড়ি পরিষ্কার করার জন্য সবাই কেমিক্যালযুক্ত ডিটারজেন্টের পানি ব্যবহার করেন। আপনি চাইলে প্রাকৃতিক উপাদান রিঠার মিশ্রণ দিয়ে গাড়ি পরিষ্কার করতে পারেন। এতে আপনার গাড়িতে একটা সুঘ্রাণ থাকবে এবং কাচগুলোও ঝকঝক করবে।

জান্নাতুল এ্যানি