যত্নআত্তি
সাতটি ধাপে টোস্টার পরিষ্কার করুন
ঘরে বসে সহজেই টোস্টার পরিষ্কার করুন। ছবি : সংগৃহীত
প্রতিদিন নাশতার টেবিলে টোস্টার না হলে আমাদের চলেই না। মাখন, জেলি যা দিয়েই খাই না কেন, পাউরুটি টোস্টারে হালকা সেঁকে নিতে হয়। এভাবে পাউরুটি খেতে ভালো লাগে এবং গরম করার কারণে তা জীবাণুমুক্তও হয়। কিন্তু এই নিত্যপ্রয়োজনীয় যন্ত্রটি আমরা ঠিকভাবে পরিষ্কার করি না। দ্য কিচেন ওয়েবসাইটে টোস্টার পরিষ্কারের কয়েকটি সহজ উপায়ের কথা বলা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
যা যা লাগবে
ছোট ব্রাশ, ভিনেগার, সাবান মেশানো গরম পানি ও শুকনো তোয়ালে।
যেভাবে করবেন
- প্রথমে টোস্টারের সুইচ অফ করে নিন এবং পরিষ্কারের আগে ভালো করে ঠান্ডা করে নিন। আপনি সিংকের মধ্যে টোস্টার পরিষ্কার করতে পারেন অথবা টেবিলের ওপর পত্রিকা বিছিয়ে তার ওপর পরিষ্কার করতে পারেন। এর ফলে টোস্টারের ময়লা ঘরকে নোংরা করবে না।
- এবার টোস্টারের নিচ থেকে ব্রেড কামের ট্রে বের করে ফেলুন। এখন ট্রের ওপর পড়ে থাকা ব্রেড কাম ফেলে দিন। যদি আপনার টোস্টারে এই ট্রে না থাকে, তাহলে উল্টো করে ঝাঁকিয়ে ব্রেড কাম ফেলার চেষ্টা করুন। দেখবেন, পুরোনো ব্রেড কাম সহজেই বের হয়ে যাবে।
- যদি টোস্টারের ট্রে থেকে ব্রেড কাম না যায়, তাহলে সাবান মেশানো গরম পানিতে ট্রে দুটি ভিজিয়ে রাখুন। এর পর ভালো করে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন।
- ছোট ব্রাশ দিয়ে টোস্টারের ওপর হালকাভাবে ধীরে ধীরে পরিষ্কার করুন।
- এবার তোয়ালে দিয়ে পুরো টোস্টার ভালো করে মুছে নিন।
- নরম তোয়ালেতে সামান্য ভিনেগার মিশিয়ে টোস্টার মুছে নিতে পারেন। এতে টোস্টার নতুনের মতো ঝকঝক করবে।
- সবশেষে ট্রেগুলো টোস্টারে পুনরায় রেখে কিছুক্ষণ পর সুইচ অন করুন। ব্যস, খুব সহজেই আপনার টোস্টার নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে।

জান্নাতুল এ্যানি