সমুদ্রস্নানে রাজকীয়তার পরশ ‘রয়েল টিউলিপ’
পর্যটনবর্ষ ঘিরে ভ্রমণপিপাসু মানুষের ঘোরাঘুরি যেন একটু বেড়েই গেছে। আর তাঁদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি হচ্ছে হোটেল-মোটেল, রিসোর্ট বা কটেজ। তেমনই একটি ট্যুরিস্ট হোটেল কাম রিসোর্ট রয়েল টিউলিপ। পুরো নাম রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। কক্সবাজারের ইনানী বিচে গড়ে উঠেছে বিলাসবহুল এই হোটেল। হোটেলটির পুরোপুরি কাজ শেষ না হলেও ভ্রমণপিপাসুদের আতিথেয়তায় পুরোদমে প্রস্তুত। ইনানীর ফাঁকা বিচে যেন জৌলুস ফিরিয়ে এনেছে রয়েল টিউলিপ।
প্রায় ৫০ বিঘার ওপর গড়ে উঠেছে হোটেলটি। ফাইভ স্টার মানের সেবা দিয়ে এরই মধ্যে নজর কেড়েছে সবার। চারপাশে গাছে ঘেরা, সামনে সুইমিংপুল আর তার পরই বিশাল সমুদ্র। আর এর আশপাশেই রয়েছে হিমছড়ি ঝরনা, দরিয়ানগর ও বার্মিজ মার্কেট। তা ছাড়া হোটেলের ভেতরে রয়েছে ওয়াটার পার্ক, টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, থ্রিডি মুভি হল, বিলিয়ার্ড, ব্যায়ামাগার এবং স্পা।
এ ছাড়া সবার জন্য রয়েছে প্যারাসেইলিং, স্নোরকেলিং, ডিপ সি ফিশিং ও স্পিডবোট রাইড সুবিধা। আছে দুটি সুইমিংপুল ও জ্যাকুজি, যার একটি শুধু নারীদের জন্য। রিসোর্টের অতিথিদের জন্য গড়ে তোলা হয়েছে ‘রেডিয়ান্স স্পা’। আর আপনার ভোজনের পূর্ণ তৃপ্তি দিতে থাকছে পাঁচটি বিশেষায়িত রেস্টুরেন্ট। এ ছাড়া একটি মাল্টিকুইজিন ডাইনিং, একটি আইসক্রিম পার্লার ও একটি জুস বারও আছে।
আর সম্মেলন ও উৎসব আয়োজনের জন্য রয়েছে ১০ হাজার বর্গফুট বিস্তৃত জায়গা। আছে দুটি সেমিনার কক্ষ ও একটি বিশাল বলরুম। রিসোর্ট এবং এর নিজস্ব সৈকতে রয়েছে খোলামেলা জায়গা ও মুক্তমঞ্চে চাইলেই যে কেউ আয়োজন করতে পারবেন ডেস্টিনেশন ওয়েডিং, গালা নাইট, ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যাশন শোসহ ভিন্ন ধরনের আয়োজন।
পুরো হোটেলে রয়েছে সর্বমোট ৪৯৩টি অভিজাত কক্ষ। প্রায় ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই কক্ষগুলো। প্রতিটি কক্ষ থেকে ভিন্ন ভিন্ন দৃশ্য উপভোগ করতে পারবেন। তেমনই একটি সুপিরিয়র কক্ষ। এখান থেকে আপনি হিল ভিউ ও সি ভিউ দুটিই উপভোগ করতে পারবেন। ডাইনিং ও লিভিং এরিয়া রয়েছে প্যানারমিক সি ভিউ স্টুডিও সুইটে। এ ছাড়া আছে ব্যালকনি। প্রিমিয়াম সি ভিউ সুইটে মিলবে কিচেন, ডাইনিং ও লিভিং এরিয়া। এক্সিকিউটিভ সুইটে রয়েছে দুটি ভিন্ন আয়তনের এক্সিকিউটিভ সুইট। এখানেও রয়েছে একই ধরনের সুবিধা। পরিবারের জন্য রয়েছে রয়েল ফ্যামিলি সুইট। এ ছাড়া প্রেসিডেন্সিয়াল সুইটের আয়তন আড়াই হাজার বর্গফুট। ফার্নিচার দিয়ে সাজানো এই কক্ষে একটি বড় বারান্দা রয়েছে। আর এই সুইটে বাড়তি আয়োজনের মধ্যে রয়েছে বাথটাব, জ্যাকুজি, সুনা ও আলাদা লিভিং স্পেস।
আর নবদম্পতিদের জন্য তৈরি করা লাক্সারি হানিমুন সুইটে পরিপূর্ণ একটি সংসারের সবকিছুই পাবেন। আর সে সঙ্গে থাকছে জ্যাকুজি ও সুইমিংপুল। এ ছাড়া হোটেলটির প্রতিটি রুমেই রয়েছে মিনিবার (ফ্রিজ), টি/কফি মেকার, টিভি, নিরাপদ পানির বোতল, শাওয়ার কিউবিকল ও ওয়াই-ফাই সুবিধা।
ঠিকানা : রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা
জালিয়াপালং, ইনানী, উখিয়া, কক্সবাজার।
ছবি : সৈয়দ অয়ন

তৌহিদুল ইসলাম তুষার