‘টাঙ্গাইল শাড়ি কুটির’-এর নতুন শাখার উদ্বোধন
‘টাঙ্গাইল শাড়ি কুটির’ মানেই তাঁত ও সুতির শাড়ির সমাহার। আজ শুক্রবার দেশীয় শাড়ির নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানের নতুন শাখার উদ্বোধন করা হয়।
রাজধানীর গুলশানে অবস্থিত কনকর্ড পুলিশ প্লাজায় খোলা হয়েছে টাঙ্গাইল শাড়ি কুটিরের নতুন শাখা। এটি প্রতিষ্ঠানটির ষষ্ঠ শাখা।
নতুন এই শাখার উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নি সাহা।
এ সময় রেজওয়ানা চৌধুরী বন্যা টাঙ্গাইল শাড়ি কুটিরের ব্যবস্থাপনা পরিচালক মনিরা ইমদাদকে শুভকামনা জানিয়ে আরো বড় পরিসরে এই প্রতিষ্ঠানটির ছড়িয়ে পড়ার আশা ব্যক্ত করেন।
মনিরা ইমদাদ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘এর আগে গুলশানে আমাদের একটি শাখা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তা বন্ধ করে দিতে হয়। আশা করি, পুলিশ প্লাজার আউটলেট এই এলাকার ক্রেতাদের মনের কষ্ট দূর করবে এবং কেনাকাটা সহজ করবে।’
এরপর টাঙ্গাইল শাড়ি কুটিরের নতুন কালেকশনের শাড়ি পরে অতিথিদের সামনে হেঁটে বেড়ান মডেলরা। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।
টাঙ্গাইল শাড়ি কুটিরের নতুন এই শাখাটি এক হাজার বর্গফুটের বড় পরিসরে করা হয়েছে, যাতে ক্রেতারা পছন্দের সব শাড়ি এখানে খুঁজে পান।
বরাবরের মতোই আদি টাঙ্গাইল ছাড়াও জ্যাকার্ডে বোনা টাঙ্গাইল, পাবনা, জামদানি, বেনারসি, কাতান ও রাজশাহী সিল্ক পাওয়া যাবে এই শাখায়। সুতি, সিল্ক, হাফসিল্ক ছাড়াও হাতের কাজের সব ধরনের শাড়ি পাওয়া পাবে এখানে।
এ ছাড়া ঈদ উপলক্ষে দেশের ঐতিহ্যবাহী সব তাঁত অঞ্চলের অন্তত দেড় শতাধিক নতুন ডিজাইনের শাড়ি তোলা হয়েছে এই শাখায়।

ফিচার ডেস্ক