কোন কাপড় কতদিন পর ধোয়া উচিত?
আমরা কাপড় ধুয়ে পরিষ্কার রাখি যাতে ঘামের ঘন্ধ না থাকে, কাপড়ের ময়লা দূর হয় এবং জীবাণু ধ্বংস হয়। কিন্তু কোন কাপড় কতদিন না ধুয়ে পরা যায়, এটা অনেকেই জানি না।
এর ফল যে কাপড়টা নিয়মিত ধোয়া উচিত, সেটা অনেক দিন পরপর ধোয়া হয় আর যে কাপড়টা কম ধুলেও হয় সেটা প্রায় প্রতিদিনই ধোয়া হয়। কাপড় না ধোয়ার কারণে শরীরে নানা সমস্যা দেখা দেয় আবার অতিরিক্ত ধোয়ার কারণে কাপড় তাড়াতাড়ি পুরোনো হয়ে যায়।
তাই আগে জানা উচিত কোন কাপড় কতদিন পর ধোয়া প্রয়োজন। এ ক্ষেত্রে পপসুগার ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
জিন্স
অনেকেই জিন্সের প্যান্ট ধোয়ার প্রয়োজনই মনে করেন না, যদি না তাতে কাদা লাগে। অথচ জিন্সের প্যান্ট টানা পাঁচ থেকে ছয়দিনের বেশি পরা উচিত নয়। কারণ জিন্সের প্যান্টে ঘামের কারণে জীবাণু বেশি হয়, যা বেশিদিন পরলে শরীরে চুলকানির সমস্যা দেখা দিতে পারে।
স্কার্ট, ট্রাউজার ও থ্রি কোয়ার্টার প্যান্ট
তিন থেকে চারবার পরার পর স্কার্ট, ট্রাউজার ও থ্রি কোয়ার্টার জাতীয় যেকোনো প্যান্ট ধোয়া উচিত।
চাদর ও বালিশের কভার
তিন থেকে চারদিন পরপর বিছানার চাদর ও বালিশের কভার ধোয়া উচিত। তবে শারীরিক সম্পর্কের পর অবশ্যই চাদর ধুয়ে ফেলা উচিত।
অন্তর্বাস
পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগমুক্ত থাকতে হলে অবশ্যই অন্তর্বাস নিয়মিত ধোয়া উচিত। আর বক্ষবন্ধনী তিন থেকে চারবার পরার পর ধোয়া যায়।
টি-শার্ট ও টপস
এক বা দুবার পরার পর টি-শার্ট ও টপস ধুয়ে ফেলা উচিত। আর যদি গরম বেশি থাকে এবং আপনার ঘামের সমস্যা বেশি হয়, তাহলে প্রতিদিন ব্যবহারের পর এগুলো ধোয়া প্রয়োজন।
মোজা
প্রতিদিন ব্যবহারের পর মোজা ধুয়ে ফেলা উচিত। না হলে ঘামের কারণে পায়ে গন্ধ হতে পারে।
নতুন কাপড়
কিনে আনার পর যে কোনো কাপড় অবশ্যই ধুয়ে পরা উচিত। কারণ কাপড়ের রঙে রাসায়নিক পদার্থ থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকর। তাই সব সময় নতুন কাপড় ধুয়ে পরুন।
লেগিংস
এক থেকে দুবার পরার পরই লেগিংস ধুয়ে ফেলুন। না হলে জীবাণুর কারণে চুলকানি হতে পারে।
পায়জামা
অনেকে ঘুমানোর সময় ঢিলেঢালা পায়জামা পরেন। এগুলো টানা চারদিন পরার পরই ধোয়া উচিত।
জ্যাকেট ও ব্লেজার
পাঁচ থেকে ছয়বার পরার পর জ্যাকেট ও ব্লেজার ড্রাই ওয়াশ করতে দিন।
তোয়ালে ও গামছা
তোয়ালে ও গামছা প্রতিদিন ধোয়ার প্রয়োজন নেই। পাঁচ থেকে ছয়দিন পরপর এগুলো ধুয়ে ফেলুন। পারলে গরম পানির মধ্যে ডিটারজেন্ট দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। এতে জীবাণুর আশঙ্কা থাকবে না।

ফিচার ডেস্ক