২০ বছরে যে বিষয়কে অবশ্যই ‘না’ বলবেন
২০ বছর বয়সে জীবন নতুন মোড় নেয়। প্রেম, ক্যারিয়ার, চাকরি, বন্ধুত্ব সবকিছুই নতুন নতুন। এই নতুনের মাঝে অনেকেই সামঞ্জস্য রাখতে পারে না। এর একটাই কারণ ‘না’ বলতে না পারা। মনে রাখবেন, এই বয়সটাতে আপনার কারো ওপর নির্ভরশীল হতে হয় না। নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারেন। তাই এই সময়টাতে অনেক কিছুতে না বলতে শিখুন, যা আপনার ভবিষ্যতের জন্যই ভালো। আইডিভা ওয়েবসাইটের এই তালিকাটি দেখে জেনে নিন ২০ বছর বয়সে কোন বিষয়গুলোতে না বলবেন।
১. যে বিষয়গুলোতে নিজের অস্বস্তি কাজ করে সেগুলো করা বাদ দিন। সেটা প্রেম করা হোক, শারীরিক সম্পর্ক হোক কিংবা বিয়ের পাত্র-পাত্রী বাছাই হোক। কারণ আপনি এখন সঠিক সিদ্ধান্ত নিতে জানেন। তাই যে বিষয়গুলোতে মন সায় দেয় না সেটাতে না বলাই ভালো।
২. আপনি মাত্র ২০ বছরে পা দিলেন অথবা দু-এক বছর এদিক ওদিক আপনার বয়স। অনেকেরই ধারণা, এই সময়টাতে প্রেম করতেই হবে। জেনে রাখুন, প্রেম করার জন্য এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তাই যদি প্রেম করার ইচ্ছা না থাকে, তাহলে সরাসরি না বলে দিন।
৩. অনেক প্রেমের সম্পর্কই জোর করে টিকিয়ে রাখা হয়। এটা দুজনের জন্যই ক্ষতিকর। তাই যে সম্পর্ক নিজের জন্য ক্ষতিকর সেটার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ‘না’ বলে দিন।
৪. বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে নেশা বা অ্যালকোহল জাতীয় জিনিসের সম্মুখীন আপনি হতেই পারেন। কিন্তু ইচ্ছা না থাকলে নির্দ্বিধায় এগুলোকে ‘না’ বলুন এবং নিজের সিদ্ধান্তে অটল থাকুন। আপনি ‘না’ বললে কেউ আপনাকে জোর করতে পারবে না।
৫. এই সময়টাতে সবাই অনেক স্বাস্থ্যসচেতন হয়ে পড়ে। ডায়েট, ইয়োগা, জিম নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। কিন্তু অতিরিক্ত সচেতন হওয়ার কারণে শারীরিক অনেক সমস্যা দেখা দেয়। আর সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার এটাই সময়। তাই এগুলোকে দ্রুত ‘না’ বলুন।
৬. অলসতাকে ‘না’ বলুন। ক্যারিয়ার গড়ার সময় এটি। এই সময়টা অলসতায় না কাটিয়ে নতুন কিছু করার চিন্তা করুন। দেখবেন, ভবিষ্যতে কাজে লাগবে।
৭. অস্থিরতাকে ‘না’ বলুন। ধৈর্য ধরতে শিখুন। আগে হয়তো চাইলেই সবকিছু পেতেন। এখন আপনি সবকিছু বুঝতে শিখেছেন। সিদ্ধান্ত নিতে শিখেছেন। তাই কোনো কিছু না পেলে একদমই ধৈর্যহারা হবেন না।

ফিচার ডেস্ক