উৎসবের রাঙা ভোর
ঈদের সকালের মেকআপ ও স্টাইল
ঈদের সকাল মানেই এক স্নিগ্ধ সতেজতা। সারা মাসের সিয়াম সাধনার পর উৎসবের প্রথম প্রহরে নিজেকে পরিপাটি করে উপস্থাপনের আনন্দই আলাদা।
তবে সকালের এই সাজে চাকচিক্যের চেয়ে আভিজাত্য এবং আরামের দিকে নজর দেওয়া জরুরি। আবহাওয়া এবং দিনের কর্মব্যস্ততা মাথায় রেখে সকালের আউটফিট হিসেবে হালকা রঙ ও আরামদায়ক কাপড়ের বিকল্প নেই। প্যাস্টেল শেড যেমন হালকা গোলাপি, আকাশি বা সাদার ওপর সুতি, লিনেন অথবা মসলিনের কাজ করা সালোয়ার কামিজ বা কুর্তা সকালের জন্য সবচেয়ে উপযোগী।
যারা শাড়ি পরতে পছন্দ করেন, তারা হালকা কোনো তাঁত বা কোটা শাড়ি বেছে নিতে পারেন, যা আপনাকে দেবে এক চিরায়ত বাঙালি লুক।
সকালের মেকআপে 'লেস ইজ মোর' সূত্রটি মেনে চলা বুদ্ধিমানের কাজ। কড়া রোদ আর রান্নাবান্নার গরমে ভারী মেকআপ দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই বেস হিসেবে কেবল বিবি ক্রিম বা হালকা ফেস পাউডার ব্যবহার করাই যথেষ্ট। চোখের সাজে সামান্য কাজল এবং এক পরত মাসকারা দিলেই চাহনি হয়ে উঠবে প্রাণবন্ত। ঠোঁটের জন্য গাঢ় রঙের গালের হাড়ের ওপর সামান্য ব্লাশন আপনার চেহারায় এক ধরনের ন্যাচারাল গ্লো বা সজীবতা নিয়ে আসবে, যা সকালের রোদে দেখতে অত্যন্ত সুন্দর লাগে।
চুলের সাজ বা হেয়ার স্টাইল আপনার পুরো লুকে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। যারা কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, তারা ঘাড়ের কাছে নিচু করে একটি অগোছালো খোঁপা (Messy Bun) করতে পারেন। এই খোঁপায় দু-একটি বেলি বা দোলনচাঁপা ফুল গুঁজে দিলে সাজে আসবে স্নিগ্ধতার ছোঁয়া।
আবার যারা চুল ছেড়ে রাখতে পছন্দ করেন, তারা সামনের দিক থেকে কিছুটা চুল টুইস্ট করে ক্লিপ দিয়ে আটকে বাকিটা খোলা রাখতে পারেন। এতে চেহারায় যেমন কোমলতা বজায় থাকে, তেমনি সারাদিন স্বাচ্ছন্দ্যে চলাফেরাও করা যায়।
গয়না ও সুগন্ধি নির্বাচনেও থাকা চাই পরিমিত বোধ। ভারী গয়নার বদলে কানে ছোট ঝুমকো, মুক্তার দুল বা অক্সিডাইজড রুপার গয়না সকালের সাজের সাথে দারুণ মানিয়ে যায়। এর সাথে হালকা ফ্লোরাল বা সিট্রাস ঘ্রাণের কোনো পারফিউম ব্যবহার করুন, যা আপনাকে সারাদিন সতেজ রাখবে।
মনে রাখবেন, ঈদের সকালের সাজটি আপনার ব্যক্তিত্বের প্রতিফলন, তাই যা আপনার কাছে আরামদায়ক মনে হয় সেটিই বেছে নিন। পরিপাটি এই সাজ আর প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলোই আপনার ঈদকে করে তুলবে আরও আনন্দময়।
ঈদের সকালের সাজ। ছবি : মঞ্জুরুল আলম

ফিচার ডেস্ক