বর্ষার স্বাদে ঐতিহ্যের ছোঁয়া: ইলিশ পোলাও
বর্ষা এলেই বাঙালির আবেগে নতুন করে প্রাণ ফিরে পায় ইলিশ। এ রুপালি বর্ণের এই মাছ শুধু একটি খাবার নয়, বরং বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের প্রতীক। যা আমাদের বাংলার মাটির সঙ্গে মিশে আছে। বর্ষার মৌসুমে ইলিশের প্রাচুর্য বাঙালির খাদ্যতালিকায় নতুন এক আবেগ যোগ করে। খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় ইলিশের ছোয়া পেলেই। ইলিশ দিয়ে তৈরি নানা পদের মধ্যে ইলিশ পোলাও অন্যতম অভিজাত ও সুস্বাদু একটি খাবার। যে কোনো উৎসব বা পারিবারিক আয়োজনে বা নিজস্ব কুঠিরে এনে দেয় ভিন্ন আমেজ। বাসায় বসে খুব সহজে ইলিশ পোলাও তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন এই রেসিপি
উপকরণ
ইলিশ মাছ ৬ টুকরা
পোলাও চাল ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি এক কাপ
পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ
টক দই হাফ কাপ
আদা বাটা এক চা-চামচ
রসুন বাটা এক চা-চামচ
জিরা গুঁড়ো এক চা-চামচ
মরিচ গুঁড়ো এক চা-চামচ
হলুদ সামান্য
এলাচ, দারুচিনি, তেজপাতা
ঘি দুই টেবিল চামচ
সরিষার তেল বা সয়াবিন তেল
কাঁচা মরিচ
লবণ ও চিনি পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে ইলিশ মাছ ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ, আদা, রসুন, দই ও মসলা দিয়ে সুগন্ধি ঝোল তৈরি করে তাতে মাছ আলতোভাবে রান্না করুন।
অন্যদিকে ঘি, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে পোলাও চাল কষিয়ে প্রয়োজনমতো গরম পানি দিন। চাল অর্ধেক সেদ্ধ হলে মাছ, ঝোল, পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ স্তরে স্তরে সাজিয়ে ঢেকে অল্প আঁচে ১৫–২০ মিনিট দমে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ইলিশ পোলাও।
পরিবেশন পরামর্শ
ইলিশ পোলাওয়ের সঙ্গে শসা-পেঁয়াজের সালাদ, বোরহানি বা টক দই পরিবেশন করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে।

ফিচার ডেস্ক