পাউরুটি দিয়ে পিৎজা বানাবেন যেভাবে
পিৎজা খেতে কে না ভালোবাসেন! কিন্তু রেস্তোরাঁয় গিয়ে পছন্দের পিৎজা খেতে গেলে গুনতে হয় বেশ কিছু টাকা। ভালো মানের একটি পিৎজার জন্য ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে স্বাদে একটু ভিন্নতা আনতে এবং খরচ বাঁচাতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার পিৎজা। খুব বেশি ঝামেলা ছাড়াই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই খাবার। চলুন জেনে নেওয়া যাক বাড়িতেই কিভাবে তৈরি করবেন সহজ রেসিপিটি। তার আগে জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে।
উপকরণ
বড় সাইজের পাউরুটি
টমেটো সস
চিজ স্লাইস
চিকেন কুচি
পেঁয়াজ কুচি
ক্যাপসিকাম কুচি
পনির কুচি
লবণ স্বাদমতো
সামান্য অরিগানো
সামান্য চিলি ফ্লেক্স
তেল পরিমাণ মতো
প্রস্তুত প্রণালি
ব্রেড পিৎজা তৈরির শুরুতেই প্রস্তুত করে নিতে হবে টপিংস। এজন্য একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে কুচি করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন ও পনির দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। স্বাদ অনুযায়ী অল্প লবণ মিশিয়ে নিন।
এবার একটি বড় আকারের পাউরুটির স্লাইস নিন। এর ওপর সামান্য টমেটো সস ছড়িয়ে দিন। এরপর বসিয়ে দিন একটি চিজ স্লাইস। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চিজ স্লাইস পাওয়া যায়, আপনার পছন্দ অনুযায়ী যেকোনোটি ব্যবহার করতে পারেন।
চিজের ওপর এবার আগে থেকে তৈরি করে রাখা টপিংস সুন্দর করে সাজিয়ে দিন। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিন অল্প অরিগানো ও চিলি ফ্লেক্স। এতে পিৎজার স্বাদ ও ঘ্রাণ দুটোই আরও বাড়বে।
এবার একটি বড় ঢাকনাযুক্ত পাত্রের তলায় সামান্য সাদা তেল মাখিয়ে নিন। সাবধানে পাউরুটিটি পাত্রে বসিয়ে ঢাকনা দিয়ে দিন। এরপর একেবারে কম আঁচে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন।
চিজ পুরোপুরি গলে গেলেই বুঝবেন আপনার পিৎজা তৈরি। এবার চুলা থেকে নামিয়ে ওপর থেকে আরও কিছুটা অরিগানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন। এরপর গরম-গরম পরিবেশন করুন মজাদার ঘরোয়া পিৎজা।

ফিচার ডেস্ক