রেসিপি
শ্রীলঙ্কান জনপ্রিয় ‘জর্জের ডাল’
আমাদের প্রতিদিনের খাবারে ডাল ছাড়া চলেই না। তবে এই ডালের সাথেই যদি নারকেলের দুধের ক্রিমি টেক্সচার এবং কারিপাতার সুগন্ধি যোগ হয়, তবে এই সাধারণ ডালই হয়ে ওঠে অনন্য। জনপ্রিয় এই শ্রীলঙ্কান রেসিপিটি কেবল মুখরোচকই নয়, একদম স্বল্প সময়ে ও সহজে বানিয়ে ফেলা যায়। আসুন জেনে নেওয়া যাক শ্রীলঙ্কার জনপ্রিয় জর্জের ডাল রান্না সহজ উপায়।
উপকরণ
মসুরের ডাল ২০০ গ্রাম (ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন)।
১ চা চামচ তেল
২ চা চামচ ঘি
নারকেল দুধ ২৫০ মি.লি
কাঁচা মরিচ ২-৩টি
খোসা ছাড়ানো রসুন ৩-৪ কোয়া
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
কালো সরিষা ১ চা চামচ
২ টি পেঁয়াজ কুচি
১ টি মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা।
কারিপাতা ৪-৫ টি
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
একটি কড়াইতে ডাল নিয়ে ২৫০ মি.লি. পানি, হলুদের গুঁড়ো ও রসুনের কোয়া যোগ করুন। এরপর চুলার আঁচ বাড়িয়ে ডাল টগবগিয়ে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে ডাল ৮০% সেদ্ধ হয়ে এলে নারকেলের দুধ দিয়ে ৮-১০ মিনিট ফোটান। আলতো হাতে চামচ দিয়ে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন।
চুলায় একটি ছোট কড়াইতে তেল ও ঘি দিয়ে হালকা আঁচে মিক্স করে নিন। এতে সামান্য সরিষা এবং কারিপাতা দিয়ে হালকা আঁচে ১-২ মিনিট ভেজে নিন। তারপর পেঁয়াজ কুচি যোগ করে হালকা ব্রাউন করে নিন।
এই ফোড়নের মিশ্রণটি সেদ্ধ ডালের মধ্যে ঢেলে দিন এবং আলতো করে নেড়ে মিশিয়ে নিন। পরিবেশন করার আগে ২-৩টি টাটকা কাঁচা মারিচ মাঝখান থেকে চিরে সাজিয়ে দিতে পারেন।
টিপস: স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর জন্য পরিবেশনের আগে সামান্য ঘি ও পেঁয়াজ বেরেস্তা ডালের উপরে ছড়িয়ে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ফিচার ডেস্ক