বউকে প্রশংসা করার দিন আজ, বলতে পারেন এই ৫ কথা
সংসার মানেই শুধু একই ছাদের নিচে থাকা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, অভিমান, দায়িত্ব, ঝগড়া, মান-অভিমান আর অসংখ্য ছোট ছোট মুহূর্ত। সেই ব্যস্ত জীবনে অনেক সময় সবচেয়ে কাছের মানুষটিকেই বলা হয় না; ‘তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।’
আজ সেই কথাটাই বলার দিন।
আজ ২০ সেপ্টেম্বর ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্ত্রীর প্রশংসা দিবস। প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার দিনটি পালিত হয়। এটি কোনো সরকারি দিবস নয়; বরং দাম্পত্য জীবনে স্ত্রীর ভালোবাসা, যত্ন ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি অনানুষ্ঠানিক উপলক্ষ।
একজন স্ত্রী কখনো সঙ্গী, কখনো বন্ধু, কখনো সবচেয়ে কঠিন সময়ের ভরসার জায়গা। সংসারের হিসাব থেকে শুরু করে পরিবারের ছোট-বড় নানা বিষয়—অনেক দায়িত্বই তিনি নীরবে সামলে নেন। কিন্তু এসবের জন্য আলাদা করে ‘ধন্যবাদ’ বলা হয়তো সবসময় হয়ে ওঠে না।
কখনো স্বামীর অফিসের ব্যস্ততা, কখনো সন্তানের দেখাশোনা, কখনো পরিবারের নানা দায়িত্ব; সবকিছুর মাঝেও নিজের ক্লান্তি লুকিয়ে হাসিমুখে পাশে থাকেন অনেক স্ত্রী। তাঁর সেই অদৃশ্য শ্রমের মূল্য হয়তো টাকায় মাপা যায় না।
তাই আজকের দিনটি হতে পারে একটু থামার উপলক্ষ। দামি উপহার নয়, প্রয়োজন হতে পারে কয়েকটি আন্তরিক কথা। সকালে এক কাপ চা বানিয়ে দেওয়া, হঠাৎ প্রিয় খাবার নিয়ে বাড়ি ফেরা কিংবা শুধু বলা, ‘তুমি প্রতিদিন যা করো, আমি সেটা দেখি এবং তার জন্য কৃতজ্ঞ’; এমন ছোট্ট উদ্যোগও সম্পর্কের উষ্ণতা বাড়াতে পারে।
আর প্রশংসা মানেই শুধু তাঁর রান্না, সংসার সামলানো কিংবা সন্তান দেখাশোনার প্রশংসা নয়। তিনি একজন মানুষ তাঁর স্বপ্ন, পছন্দ, কাজ, ব্যক্তিত্ব ও নিজের জন্য করা প্রচেষ্টারও স্বীকৃতি প্রাপ্য।
মজার বিষয় হলো, ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ নিয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা আনুষ্ঠানিক শুরুর ইতিহাস নিশ্চিতভাবে পাওয়া যায় না। বিভিন্ন ক্যালেন্ডার ও দিবস-সংক্রান্ত সূত্রে ২০০০এর দশকের মাঝামাঝি সময় থেকে এর প্রচলনের তথ্য পাওয়া যায়।
তবে এই দিবসের গুরুত্ব দিনটির আনুষ্ঠানিকতার চেয়ে হয়তো অন্য জায়গায়। কারণ ভালোবাসার মানুষটিকে ভালোবাসি বলা, তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা জানানো কিংবা তাঁকে একটু বিশেষ অনুভব করানো; এসবের জন্য আসলে কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই।
তবু ক্যালেন্ডারে যদি একটি দিন মনে করিয়ে দেয়, ‘আজ একটু বেশি করে স্ত্রীকে প্রশংসা করুন’, তাহলে ক্ষতি কী?
আজ প্রিয় মানুষটিকে বিশেষ অনুভব করাতে পারেন কয়েকটি আন্তরিক কথায়...
*‘তুমি আছ বলেই আমার জীবনটা এত সুন্দর।’
*‘তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সত্যিই আমার সৌভাগ্য।’
* ‘তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু।’
*‘আমার প্রতি তোমার যত্ন আর ভালোবাসার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
*‘জীবনটা আবার নতুন করে শুরু করার সুযোগ পেলেও আমি তোমাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেব।’

ফিচার ডেস্ক