স্ট্রিট ফুড বনাম হোমমেড নুডুলস: স্বাদের লড়াইয়ে জিতছে কে?
স্কুল-কলেজ ছুটির পর রাস্তার মোড়ের সেই চেনা ভ্যানগাড়ি, ধোঁয়া ওঠা কড়াই আর তা থেকে ভেসে আসা স্পাইসি গন্ধ এই দৃশ্য দেখলেই জিভে জল আসে না, এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। অন্যদিকে, ঘরের টেবিলে মায়ের হাতের সেই সাধারণ নুডুলস বা মাঝরাতের স্টাডি টেবিলে ধোঁয়া ওঠা এক বাটি নুডুলস প্রতিটির সঙ্গেই জড়িয়ে রয়েছে অজস্র নস্টালজিয়া।
বর্তমান প্রজন্মের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসে নুডুলস এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক স্ট্রিট ফুড সংস্কৃতির ভিড়ে কি হারিয়ে যাচ্ছে ঘরের সেই চেনা স্বাদ? নাকি এই লড়াইয়ে শেষ পর্যন্ত স্বাস্থ্য আর নস্টালজিয়াই জিতছে?
আজকাল অলিতে-গলিতে কিংবা ফুড কার্টগুলোতে স্পাইসি স্ট্রিট ফুড নুডুলসের জনপ্রিয়তা আকাশচুম্বী। চিজ, মেয়োনিজ, সসেজ কিংবা অতিরিক্ত ঝালমসলায় ভরপুর এই নুডুলসগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর স্বাদও বেশ চটপটা। কলেজপড়ুয়া শিক্ষার্থী কিংবা অফিসফেরত তরুণ-তরুণীদের আড্ডার মধ্যমণি এখন এই স্ট্রিট ফুড নুডুলস। ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলস-শর্টস যুগে আকর্ষণীয় প্রেজেন্টেশন এবং ইনস্ট্যান্ট ক্রভিং মেটানোর ক্ষেত্রে এগুলো এক নম্বর পছন্দ।
স্বাদের দিক থেকে স্ট্রিট ফুড এগিয়ে থাকলেও এর পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে রয়েছে বড় প্রশ্ন। খোলা আকাশের নিচে ধুলাবালি, নিম্নমানের তেল, কৃত্রিম কালার এবং অতিরিক্ত সোডিয়াম বা টেস্টিং সল্টের ব্যবহার অনেক সময়ই পেটের পীড়া বা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে হাইজিনের বিষয়টি এখানে সবসময় প্রশ্নের মুখে থাকে।
পক্ষান্তরে, হোমমেড নুডুলস বা ঘরের তৈরি নুডুলস হলো বিশুদ্ধতা ও ভালোবাসার প্রতীক। মায়ের হাতের বা নিজের হাতে রাঁধা নুডুলসে টাটকা শাকসবজি, ডিম, মাংসের টুকরো এবং পরিমিত তেল-মসলার ব্যবহার নিশ্চিত করা যায়। এটি যেমন ছোট থেকে বড় সবার শরীরের জন্য নিরাপদ, তেমনই এর পুষ্টিমানও অনেক বেশি।
স্ট্রিট ফুডের জাঁকজমক যতই থাকুক না কেন, ঘরের রান্নার জায়গাটি একেবারে আলাদা। হলের রুমমেটদের সাথে গভীর রাতের খিদে মেটানোর সঙ্গী হোক কিংবা শৈশবের টিফিন বক্স নুডুলস মানেই এক আবেগ। স্ট্রিট ফুডের ক্রেজ হয়তো সাময়িক ট্রেন্ড, কিন্তু মায়ের হাতের বা ঘরের তৈরি নুডুলসের আরামদায়ক স্বাদ এবং নস্টালজিয়া চিরন্তন।
তাই স্বাদের এই লড়াইয়ে ট্রেন্ডের বিচারে স্ট্রিট ফুড সাময়িকভাবে এগিয়ে থাকলেও, মন আর স্বাস্থ্যের বিচারে শেষ হাসি হাসে ঘরের তৈরি নুডুলস-ই।

ফিচার ডেস্ক