আলিয়া ভাটের পছন্দের এই সালাদ কেন এত জনপ্রিয়?
বলিউড তারকাদের খাদ্যাভাস ও জীবনযাপন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সবসময়ই একটু বেশি। বলিউড তারকা আলিয়া ভাটও তার খাদ্যাভাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন বিষয় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে শেয়ার করেন। আলিয়ার এমনই একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রেসিপি হলো বিটরুটের সালাদ, যাকে তার সুন্দর স্বাস্থ্য এবং উজ্জ্বল ত্বকের অন্যতম রহস্য বলা চলে! এটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজাদার এবং এই রেসিপিটি খুব সহজেই বাসায় প্রস্তুত করা যায়।
বিটরুটের আছে অনেক ধরণের পুষ্টিগুণ। সবজিটিতে ক্যালোরি পরিমাণ খুব কম, কিন্তু উচ্চ ফাইবার থাকায় অল্প পরিমাণ খেলেই দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকে। বিটের রস রক্ত প্রবাহ বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ওজন কমাতে দারুন ভাবে সাহায্য করে।
চলুন, তৈরি করে নেয়া যাক আলিয়া ভাটের ভাইরাল বিটরুটের সালাদ।
উপকরণ:
বিটরুটঃ ১টি।
সাধারণ টক দইঃ ১ ১/২ টেবিল চামচ (পানি ঝরানো দই হলে ভালো হয়)।
বিট লবণঃ স্বাদমতো।
ভাজা জিরার গুঁড়োঃ ১/২ চা চামচ।
গোলমরিচের গুঁড়োঃ ১/২ চা চামচ।
পুদিনা পাতা অথবা ধনেপাতা কুচিঃ ১ চা চামচ।
চাট মসলাঃ স্বাদমতো।
তেলঃ ১/২ চা চামচ (সরিষার তেলও নিতে পারেন)।
সরিষা দানাঃ ১/২ চা চামচ।
জিরাঃ এক চিমটি।
কাঁচামরিচ কুচিঃ ১টি।
কারিপাতাঃ ৫–৬টি।
হিং: এক চিমটি।
প্রস্তুত প্রণালিঃ
১. প্রথমে বিটরুট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর সামান্য সিদ্ধ করে নিয়ে কোরানি দিয়ে মিহি করে গ্রেট করে নিন।
২. একটি বাটিতে গ্রেট করা বিটরুট নিয়ে তার মধ্যে দই, সামান্য বিট লবণ, ভাজা জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো চাট মসলা আর কুচানো পুদিনা ও ধনেপাতা একসঙ্গে দিয়ে দিন। চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
৩. এবার সবচেয়ে মজার অংশ-তড়কা। একটা পাত্রে সামান্য তেল গরম করে তাতে হিং, সরিষা দানা, এক চিমটি জিরা, কাঁচামরিচ কুচি আর কারিপাতা দিয়ে দিন। মসলাগুলো ফুটে সুন্দর একটা গন্ধ বের হলেই গ্যাস বন্ধ করে দিন।
৪. গরম গরম এই তড়কাটা বিটরুট এবং দইয়ের মিশ্রণের ওপর ঢেলে দিন। এবার সবকিছু হালকা হাতে মিশিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং মজাদার বিটরুট সালাদ।
দুপুরের খাবারের পাশাপাশি অথবা বিকালের নাস্তায় সালাদটি এক বাটি খেলে পেট যেমন ভরা থাকবে, তেমনি নিয়মিত খেলে আয়রনের ঘাটতি পূরণ হবে। চাইলে পরিবেশনের আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। বিটরুটের মিষ্ট স্বাদ, দই এর হালকা টক ভাব এবং তড়কার ঘ্রাণ মিলে সাধারণ সালাদও হয়ে উঠবে খুবই মজাদার। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে ফেলুন আলিয়া ভাটের ভাইরাল বিটরুটের সালাদ।

ফিচার ডেস্ক