প্রেমটা আসলেই প্রেম তো? অফিশিয়াল করার আগে মিলিয়ে নিন ৫ বিষয়
কারও সঙ্গে নিয়মিত কথা হচ্ছে, দেখা হচ্ছে, একসঙ্গে সময় কাটছে। ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি হচ্ছে ভালো লাগা ও টান। সম্পর্কটা অনেকটাই প্রেমের মতো, শুধু এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কাউকে প্রেমিক বা প্রেমিকা বলেননি।
এমন সময়ে মনে হতে পারে, এবার সম্পর্কটাকে অফিশিয়াল করা যাক। কিন্তু শুধু ভালো লাগছে বলেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বরং সম্পর্কের নতুন ধাপে যাওয়ার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করা ভালো।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন পাঁচটি প্রশ্নের কথা বলা হয়েছে।
মানুষটাকে সত্যিই পছন্দ করেন, নাকি তার দেওয়া মনোযোগকে?
নিয়মিত মেসেজ, ফোন, খোঁজ নেওয়া কিংবা সারাক্ষণ কথা বলা ভালো লাগতেই পারে। কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে, এই অনুভূতিও আনন্দ দেয়। কিন্তু একটু ভেবে দেখুন, এই মনোযোগ যদি না থাকত, তবুও কি মানুষটিকে আপনার ভালো লাগত? তার স্বভাব, মূল্যবোধ, রসবোধ এবং জীবন নিয়ে ভাবনা কি আপনাকে আকর্ষণ করে? নাকি শুধু সে আপনাকে পছন্দ করছে বলেই তার প্রতি আপনার টান তৈরি হয়েছে? এই পার্থক্যটা বোঝা জরুরি। কারণ কখনো কখনো মানুষটির চেয়ে তার কাছ থেকে পাওয়া গুরুত্বের অনুভূতিটাই বেশি ভালো লাগে।
বাস্তব জীবনে তাকে কি নিজের পাশে ভাবতে পারেন?
ডেটিংয়ের সময় দুজনের আলাদা একটা জগৎ তৈরি হয়। দেখা করা, ঘুরতে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, এসবের মধ্যেই সম্পর্ক এগোয়। কিন্তু সম্পর্ক সিরিয়াস হলে মানুষটি আপনার বাস্তব জীবনের অংশ হয়ে উঠবে। তাই ভাবুন, আপনাদের জীবনযাপন ও চিন্তাভাবনা কতটা মানিয়ে যায়। কাজ, পরিবার, বন্ধুবান্ধব, টাকা-পয়সা কিংবা ব্যক্তিগত সময় নিয়ে দুজনের ভাবনা কি একেবারেই আলাদা? সব বিষয়ে মিল থাকা জরুরি নয়। তবে বড় পার্থক্যগুলো সম্পর্কে যাওয়ার আগেই জানা ভালো।
‘সম্পর্ক’ বলতে দুজন কী বোঝেন?
একজনের কাছে সম্পর্ক মানে একান্তভাবে দুজনের থাকা। অন্যজন হয়তো শুধু সিরিয়াসভাবে ডেট করাকেই সম্পর্ক ভাবছেন। তাই সম্পর্ক অফিশিয়াল করার আগে দুজনের প্রত্যাশা পরিষ্কার করা দরকার। আপনি কী চান, সে কী চায়, সম্পর্কটা কতটা সিরিয়াস এবং দুজনের মধ্যে একান্ত সম্পর্ক থাকবে কি না, এসব নিয়ে খোলাখুলি কথা বললে পরে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে।
মতের অমিল হলে কীভাবে সামলান?
সব সময় দুজনের মত এক হবে না। তাই ঝগড়া বা মতের অমিল হলে কে কীভাবে আচরণ করেন, সেটি খুব গুরুত্বপূর্ণ। আপনি কষ্ট পেলে কি সহজে তা বলতে পারেন? সে কি আপনার কথা মন দিয়ে শোনে? মতের অমিল হলে কি ব্যক্তিগত আক্রমণ করে? ভুল হলে কি দুজনই ক্ষমা চাইতে পারেন? একটি ভালো সম্পর্কের জন্য সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়। বরং মতের অমিল কীভাবে সামলাচ্ছেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
হারানোর ভয় না থাকলেও কি তাকে বেছে নিতেন?
কখনো কখনো কাউকে হারানোর ভয় থেকেই সম্পর্ককে দ্রুত অফিশিয়াল করার ইচ্ছা তৈরি হয়। মনে হয়, দেরি করলে সে হয়তো অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে। কিন্তু কাউকে হারানোর ভয় আর সত্যিই তার সঙ্গে থাকতে চাওয়া এক বিষয় নয়। তাই নিজেকে প্রশ্ন করুন, কোনো চাপ বা তাড়া না থাকলে আপনি কি তবুও এই মানুষটিকে বেছে নিতেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সম্পর্কটি নিয়ে আপনার অনুভূতি বেশ পরিষ্কার। আর যদি দ্বিধা থাকে, তাহলে শুধু মানুষটিকে ধরে রাখার জন্য তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে আরও কিছুটা সময় নেওয়াই ভালো।
সম্পর্ক অফিশিয়াল করার আগে তাই শুধু ভালো লাগার বিষয়টি নয়, মানুষটিকে কতটা চেনেন, বাস্তব জীবনে কতটা মানিয়ে নিতে পারবেন এবং দুজনের প্রত্যাশা কতটা কাছাকাছি, সেগুলোও ভেবে দেখা জরুরি।

ফিচার ডেস্ক