সবার হাতে চা ভাল হয় না, সেরা দুধ চা বানানোর সহজ কৌশল জেনে নিন
অনেকের কাছে চা কেবল পানীয় নয়, বরং দিন শুরুর অনুষঙ্গ, ক্লান্তি দূর করার উপায় কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর উপলক্ষ। তবে চা খেতে ভালোবাসলেই যে সবাই নিখুঁত চা বানাতে পারেন, তা নয়। কখনো চায়ের রং ঠিক হয় না, কখনো স্বাদে আসে না কাঙ্ক্ষিত গাঢ়ত্ব। অথচ সঠিক সময়ে চা ফোটানো আর উপকরণের পরিমাপ ঠিক রাখলেই ঘরেই তৈরি করা যায় সুস্বাদু দুধ চা। চা বানানোও একটা শিল্প। আসুন তাহলে জেনে নিন কীভাবে ভাল চা বানাবেন। তার আগে জেনে নেওয়া কী কী উপকরণ লাগবে।
দুধ চা বানাতে যা যা লাগবে
দুধ
চা গুঁড়ো
পানি
চিনি
পদ্ধতি
প্রথমে একটি সসপ্যানে পরিমাণমতো পানি নিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে তাতে চিনি ও চা-গুঁড়ো দিয়ে কম আঁচে তিন থেকে চার মিনিট ফুটতে দিন। এতে চায়ের নির্যাস ধীরে ধীরে পানিতে মিশবে এবং চায়ের স্বাদ ও রং গাঢ় হতে শুরু করবে।
এরপর মিশ্রণে দুধ দিয়ে মাঝারি আঁচে আরও ৬ থেকে ৭ মিনিট ফুটতে দিন। এ সময় চায়ের মধ্যে ছোট ছোট বুদবুদ দেখা যাবে। দুধ দেওয়ার ফলে চায়ের রং হালকা খয়েরি হয়ে উঠবে। তখন বুঝবেন চা হয়ে গেছে। পছন্দ অনুযায়ী চায়ের গাঢ়ত্ব ঠিক হলে চুলা বন্ধ করে দিন।
সবশেষে ছাঁকনি দিয়ে কাপে ছেঁকে নিন গরম দুধ চা। সঙ্গে বিস্কুট কিংবা পছন্দের কোনো নাশতা থাকলে জমে উঠবে চায়ের আসর।

ফিচার ডেস্ক