রিয়াদে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সৌদি আরবের রিয়াদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) রাতে রিয়াদের ১৮ নম্বর এক্সিটের আল ওয়ালিদ রিসোর্ট হাউজ মিলনায়তনে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে এ জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘উৎসবে আনন্দে ২৪ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক এ আয়োজনে ছিল আলোচনা সভা, ২৪ কেজি ওজনের দুটি কেক কাটা এবং এনটিভির নিয়মিত আয়োজন ‘প্রবাস বিনোদন’র ২৯তম পর্ব। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়।
এনটিভি দর্শক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলী আহছান কিরণের সভাপতিত্বে এবং এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের সঞ্চালনায় আলোচনা পর্বে প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, দেশ ও জাতির পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করে এনটিভি আজ গণমানুষের আস্থা ও রূপকার হিসেবে প্রবাসেও সুপরিচিত লাভ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন রিয়াদের সানসিটি মেডিকেল সেন্টারের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিনমিশাল ট্রাভেলসের সিইও বিন মিশাল, উৎখালিজ মাহবুব পারফিউম সৌদি আরব শাখার ম্যানেজার মিজানুর রহমান, নারী উদ্যোক্তা নাসিমা ইমাম, সংগীশিল্পী তাসলিমা মৌ, বাকলারান ইউনিফর্মের সিইও মাইন উদ্দিন স্বপন, মানবিক সংগঠন ‘হাসি’র প্রতিষ্ঠাতা মুসলিম উদ্দিন মুন্না, ব্যবসায়ী আলমগীর হোসেন এবং মিডিয়া ব্যক্তিত্ব মসলেহ উদ্দিন লিটনসহ অনেকে।
আলোচনা সভা শেষে ২৪ কেজি ওজনের দুটি বিশাল কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের সন্তান ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে এনটিভির লোগোযুক্ত টি-শার্ট উপহার দেওয়া হয়।
সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম হৃদয়ের পরিচালনায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীদের একক ও যৌথ নাচ, গান এবং আবৃত্তিতে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান প্রবাসীদের বিনোদন ও সুখ-দুঃখের কথা তুলে ধরতে এ আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে রিয়াদের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

ফারুক আহমেদ চান, সৌদি আরব