সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরে ৩০ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় ১৫০ বছর ধরে রোজা রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। এ বছরও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদানরা।
আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ১০ টায় সুরেশ্বর দরবার শরীফের পৃথক স্থানে একই সময়ে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সুরেশ্বরসহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৩০টি গ্রামের ২০ হাজার মুসল্লি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সবাইকে সুরেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
স্থানীয় ভাবে জানা গেছে, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। সুরেশ্বরী দরবার শরীফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই রোজা ও ঈদ পালন করেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর সহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালন করেন।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর