শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলায় বিএমইউতে মানববন্ধন
শরীয়তপুর সদর হাসপাতালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএমইউর গ্রাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আজ রোববার (১৭ মে) সকালে বিএমইউর সি ব্লকে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর বারবার হামলার ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে চিকিৎসক সুরক্ষা আইন কার্যকর করতে হবে।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও কেন্দ্রীয় ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. সফিক বলেন, ডা. নাসির ইসলামের ওপর হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সংগঠনের সদস্য সচিব ডা. সাইদুজ্জামান উপল বলেন, দোষীদের ন্যূনতম ৭–১০ বছরের কারাদণ্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে সশস্ত্র আনসার মোতায়েন এবং পৃথক হেলথ পুলিশ ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আল আমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তন্ময়, ডা. মিসবাহসহ নিউরোসার্জারি বিভাগ এবং অন্যান্য বিভাগের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকরা।
পরবর্তীতে মানববন্ধনে অংশ নেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, ইএনটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা ডা. নাসির ইসলামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

নিজস্ব প্রতিবেদক