ক্রিকেটকে বিদায় বললেন ইরফান পাঠান
অনবদ্য সুইংয়ে অনেক তারকা ব্যাটসম্যানের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। পাকিস্তানের মাটিতে গিয়ে সেদেশের ব্যাটসম্যাদের সুইংয়ের জাদুতে ফেলে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ইরফান পাঠান। কিন্তু ভাগ্যের পরিহাসে পরিকল্পনামতো এগোয়নি এই ভারতীয় তারকা পেসারের ক্যারিয়ার। দীর্ঘদিন থাকতে হয়েছে জাতীয় দলের বাইরে। এমনকি আইপিএলেও দল পাচ্ছিলেন না। দীর্ঘ ১৫ বছর ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার পর তাই বাধ্য হয়েই অবসরের ঘোষণা দিলেন ইরফান।
আজ শনিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইরফান। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার দেশের হয়ে মোট ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের মোট শিকার ৩০১টি উইকেট। ব্যাট হাতেও বেশ কিছু নজরকাড়া ইনিংস রয়েছে তাঁর। বেশ কয়েকবার তিন নম্বরে ব্যাটও করেছিলেন তিনি। সেই সময়কার কোচ গ্রেগ চ্যাপেল তাঁকে অলরাউন্ডার বানাতে চেয়েছিলেন। আর তাতেই বোলিংয়ের ধার কমে যায় ইরফানের। কমতে থাকে বলের গতি, শেষদিকে সুইংও কমে যায়। তাই দলে অনিয়মিত হয়ে পড়েন।
সর্বশেষ ভারতের হয়ে টেস্ট খেলেছেন ২০০৮ সালে। সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন ২০১২ সালে। গতবছর জম্মু ও কাশ্মীর দলের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন। দলটির মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।
এখন আর ঘরোয়া ক্রিকেটে খেলার মতো উৎসাহ পাচ্ছেন না। তাই অবসরের ঘোষণা দেন। তবে দেশের বাইরে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যেতে পারে ইরফানকে।

স্পোর্টস ডেস্ক