মেসির মাইফলকের রাতে জয়ে ফিরল পিএসজি
লিগ ওয়ানে রেনে ও লিঁওর কাছে টানা দুই ম্যাচে হেরে ছন্দ হারিয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। যদিও সেই ছন্দ খুঁজে পেতে খুব বেশি সময় নেয়নি ক্লাবটি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মাইলফলকের রাতে জয়ে ফিরেছে পিএসজি। এই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
গতকাল শনিবার (৮ এপ্রিল) দিনগত রাতে নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে মেসির পর দ্বিতীয়ার্ধে সার্জিও রামোসের গোলে স্বস্তির জয় পায় পিএসজি।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। তবে ম্যাচের ২২ মিনিটেই লিড পেতে পারত ফরাসি ক্লাবটি। দানিলো পেরেইরার খুব কাছ থেকে দেওয়া হেড পোস্টে লেগে ফিরে আসে। অবশ্য এরপর তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। দলের ত্রাতা হয়ে আসেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। নুনো মেন্ডেসের ক্রস নিসের এক ডিফেন্ডার ব্লক করার পর বল ফিরে আসে মেসির পায়ে। সেখান থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান মেসি।
লিগ ওয়ানের চলতি আসরে এটি তার ১৪তম গোল। এই গোলের মাধ্যমে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ৮৪১ ম্যাচে ৭০২ গোল নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এখন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। রোনালদো আছেন ৯৪৯ ম্যাচে ৭০১ গোলে তালিকার দ্বিতীয় স্থানে।
প্রথম গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় নিস। প্রথমার্ধের শেষ দিকে তারা দুটি ভালো সুযোগও তৈরি করে। দুটিই ঝাঁপিয়ে প্রতিহত করেন পিএসজি গোলরক্ষক দোন্নারুমা। বাকি সময়ে আর কেউ গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে নিস। তবে এবারও তাদের ঠেকিয়ে দেন দোন্নারুমা। গোলরক্ষক ছাড়াও এই সময় বেশ দৃঢ়তা দেখিয়েছেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস ও সার্জিও রামোস।
ম্যাচের ৭৬তম মিনিটে পিএসজি তাদের গোল ব্যবধান দ্বিগুণ করে। মেসির কর্নার থেকে হেডে বল জালে জড়ান রামোস। এছাড়া ম্যাচের যোগ করা সময়ে নিস গোলরক্ষক কাসপার স্মাইকেল আশরাফ হাকিমির শট রুখে দিলে পেয়ে যান মেসি। শট না নিয়ে তিনি বল বাড়ান কিলিয়ান এমবাপ্পের দিকে। কিন্তু এমবাপ্পে এবারও ক্রসবারের ওপর দিয়ে মেরে সহজ সুযোগ হারান। বাকি সময়ে আর তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে না পারায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
এই ম্যাচ জয়ে ৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। তাদের পরের অবস্থানে থাকা লেন্স ৬ পয়েন্টে পিছিয়ে আছে। স্বস্তির জয় নিয়ে পরের ম্যাচে টেবিলের দুই নম্বরে থাকা লেন্সের মুখোমুখি হবে পিএসজি।

স্পোর্টস ডেস্ক