শ্বাসরুদ্ধকর ম্যাচে মাশরাফিদের হারাল চট্টগ্রাম
২২২ রানের পাহাড় সমান লক্ষ্য! জবাব দিতে নেমে শেষ পর্যন্ত লড়েছেন থিসারা পেরেরা। দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুনকে হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আজ বুধবার বিপিএলের ১২তম ম্যাচে ঢাকাকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম। এই জয়ের মাধ্যমে আট পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল মাহমুদউল্লাহর দল। চার পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেল ঢাকা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ঢাকা প্লাটুন। আগে ব্যাট করার সুযোগটা নষ্ট করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই ওপেনার ফার্নান্দো-সিমন্স মিলে শুরুটা দারুণ করেন। প্রথম চার ওভারে দুজন তোলেন ৫০ রান। পঞ্চম ওভারে ফার্নান্দোকে থামিয়ে ওপেনিং জুটি থামান হাসান মাহমুদ। ফেরার আগে ১৩ বলে ২৬ রান করেন ফার্নান্দো।
ফার্নান্দোর পর দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসকে নিয়ে ১০০ ছাড়ান সিমন্স। দলীয় ১০০ ছাড়ানোর পর অবশ্য বেশিদূর যেতে পারেননি সিমন্স। ব্যক্তিগত হাফসেঞ্চুরি ছোঁয়ার পর রান আউট হয়ে ফেরেন সাজঘরে। ফেরার আগে পাঁচ বাউন্ডারি আর চার ছক্কায় ৩৬ বলে ৫৭ রান করেন তিনি।
এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ-ইমরুল জুটিতে ছুটতে থাকে চট্টগ্রাম। ১৫তম ওভারে ইমরুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সালাউদ্দিন শাকিল। ফেরার আগে ২৪ বলে ৪০ রান করেন ইমরুল কায়েস।
অবশ্য গুরুত্বপূর্ণ তিন উইকেট হারালেও চাপে পড়তে হয়নি চট্টগ্রামকে। ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিকদের নিয়ে ছুটতে থাকেন মাহমুদউল্লাহ। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন অধিনায়ক। ব্যাটসম্যানদের দারুণ ছন্দে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে চার উইকেটে ২২১ রানে থামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলতি বিপিএলে কোনো দলের সর্বোচ্চ স্কোর এটাই। ২৮ বলে পাঁচটি বাউন্ডারি আর চারটি ছক্কায় ৫৯ রান করেন মাহমুদউল্লাহ। ওয়ালটন করেন ১৮ বলে ২৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রানে থামে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন মুমিনুল হক। ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন পেরেরা। মাত্র ছয় বলে ২৩ রান করেন অধিনায়ক মাশরাফি।

স্পোর্টস ডেস্ক