স্টোকসকে ছাড়াই ইংল্যান্ডের অ্যাশেজের দল ঘোষণা
মানসিক সমস্যার কারণে ক্রিকেট থেকে দূরে তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপে খেলবেন না তিনি। থাকছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজেও। স্টোকসকে ছাড়াই অ্যাশেজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অ্যাশেজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসের পাশাপাশি চোটের কারণে নেই জফরা আর্চার ও স্যাম কারান।
তবে দলে আছেন আস্থার নাম জস বাটলার। তাঁকে অ্যাশেজে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। বায়ো-বাবলের ধকলের কারণে না খেলার কথা বলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অ্যাশেজে থাকছেন বাটলার।
টেস্ট ক্রিকেট থেকে মইন আলি অবসর নেওয়ায় দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে ডাক পেয়েছেন জ্যাক লিচ ও ডমিনিক বেস। আছেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। সবমিলে বেশ শক্ত দল নিয়েই অ্যাশেজে লড়বে ইংলিশরা।
দল নিয়ে ইংল্যান্ডের প্রধান কোচ এবং নির্বাচক ক্রিস সিলভারউড বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া সফর হল চূড়ান্ত ধাপ। আমি আনন্দিত যে আমাদের সম্ভাব্য সেরা খেলোয়াড়দের সবাই এই সফরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্কোয়াডের অর্ধেকেরও বেশি সদস্য এর আগে অ্যাশেজ সফরে অংশ নেয়নি, যার মানে আমরা সতেজ থাকব এবং ক্রিকেট ও বিশ্বের অন্যতম সেরা জায়গা ভ্রমণের রোমাঞ্চকে সাদরে গ্রহণ করতে চাই।’
আগামী ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মধ্যকা অ্যাশেজ। প্রথম ম্যাচটি হবে ব্রিজবেনে।
ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), ররি বার্নস, হাসিব হামিদ, জ্যাক ক্রলি, ডেভিড মালান, অলি পোপ, ড্যান লরেন্স, জনি বেয়ারস্টো, জস বাটলার, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ডমিনিক বেস, ক্রিস ওকস, মার্ক উড, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন।

স্পোর্টস ডেস্ক