‘ম্যারাডোনার চেয়েও ভালো খেলোয়াড় আমি’
এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার কে? জবাবটা চাওয়া হয়েছিল ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিওর কাছে। এক মুহূর্তও দেরি না করে তিনি বলে দিলেন, তাঁর স্বদেশি ফরোয়ার্ড নেইমারের নাম। কেন নেইমার? এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘জাতীয় দল ও ক্লাব ফুটবল দুই জায়গাতেই দারুণ খেলে যাচ্ছে ছেলেটা। আমি তাকেই বিশ্বসেরা ফুটবলার বলতে চাই।’
আর মেসিকে সেরার প্রাইজটা না দেওয়ার যুক্তি হিসেবে তিনি বলেন, ‘মেসি শুধু বার্সেলোনার হয়েই ভালো খেলে। দেশের হয়ে তার সাফল্য কোথায়?’
এখানে মেসির চেয়ে ম্যারাডোনাকে এগিয়ে রেখেছেন রোমারিও, ‘মেসির চেয়ে ম্যারাডোনা এগিয়ে থাকবে, কারণ তিনি দেশকেও সাফল্য দিয়েছিলেন এবং ক্লাবের হয়েও ভালো খেলেছিলেন। মেসি অবশ্য তা পারেনি।’
তবে একটা জায়গায় মেসি ও ম্যারাডোনার চয়েও নিজেকে এগিয়ে রাখলেন ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। তাঁর দাবি, এই দুজনের চেয়েও ভালো ফুটবল খেলতেন তিনি।
এ ব্যাপারে রোমারিওর যুক্তি, ‘আমি কোন জায়গাটায় খেলতাম দেখুন। সে জায়গায় আমার মতো মেসি ও ম্যারাডোনা কেউই খেলতে পারে না। অনেক নম্রভাবেই কথাটা বলছি। বলবও বারবার।’

ক্রীড়া প্রতিবেদক