শ্রীনির কোম্পানিতে ধোনির বেতন ৪৩০০০!
কদিন পরপরই বোমা ফাটানো তাঁর এক রকম অভ্যাস। ভারতের বিতর্কিত ক্রিকেট সংগঠক ললিত মোদি এবার নতুন করে বোমা ফাটালেন, এন শ্রীনিবাসনের মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টসের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির নিয়োগপত্র টুইটারে প্রকাশও করেছেন মোদি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট শ্রীনিবাসনের কোম্পানিতে ধোনির বেতন ছিল নাকি মাসে ৪৩ হাজার রুপি। ললিত মোদির দাবি অনুযায়ী ২০১২ জুলাইয়ে এই কোম্পানিতে যোগ দেন ভাতীয় দলের সাবেক অধিনায়ক।
ধোনির বেতন ৪৩ হাজার রুপি হলেও তবে বিশেষ ভাতা হিসেবে তাঁকে ৬০ হাজার রুপির দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি মহার্ঘ্য ভাতা হিসেবে ২১ হাজার ৯৭০ রুপি ও অতিরিক্ত আরো ২০ হাজার রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে প্রস্তাব ছিল আরো আট হাজার রুপি। যদিও ‘ক্যাপ্টেন কুল’ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কোনো মন্তব্য করেননি শ্রীনিও।

তবে ধোনির সঙ্গে শ্রীনির সম্পর্ক নিয়ে এর আগেও কথা হয়েছে। ২০১১-১২ মৌসুমে বিদেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। সেই সময়কার প্রধান নির্বাচক মহিন্দর অমরনাথ ধোনিকে সরানোর প্রস্তাব দিলেও তখনকার সময়ের বোর্ড প্রেসিডেন্টের চাপেই নাকি তাঁকে সরানো যায়নি।
ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন, যেটির মালিক ছিলেন শ্রীনিবাসন। ২০১৩ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই দলটিকে। শ্রীনির জামাতা ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে প্রমাণিত হয়।

ক্রীড়া প্রতিবেদক