‘ব্যাটসম্যান’ তাইজুল জেতালেন মোহামেডানকে
লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ১৯ রান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ব্যাটিং সাফল্য নিয়ে কারো কোনো আগ্রহ ছিল না কখনোই। থাকার কারণও নেই, বলহাতেই যে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আর সে কারণে তাঁর নামের পাশে বোলার পরিচয়টাই ভালোভাবে ফুটে উঠেছে।
তবে সুযোগ পেলে তাইজুলও যে ব্যাটহাতে ভালো কিছু করার ক্ষমতা রাখেন, এবার সেটা দেখল ক্রিকেটপ্রেমীরা। আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তাঁর ব্যাটহাতের সাফল্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড জয় ঘরে তুলতে সক্ষম হয়েছে। বিকেএসপিতে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাব লিমিটেডকে ২ উইকেটে হারিয়েছে সাদা-কলোর শিবির।
পার্টেক্সের করা ২৩০ রানের জবাবে মোহামেডান ১৬ রান তুলতেই হারায় ২ উইকেট। তারই ধারাবাহিকতায় ১৫২ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসে তারা। পরাজয় যখন চোখ রাঙানি দিচ্ছিল, তখনই ব্যাটহাতে দৃঢ়তা দেখালেন তাইজুল।
ব্যাটিং বিপর্যয়কে তোয়াক্কা না করে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের প্রান্তে। ৫১ বলে হার-না-মানা ৫৭ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। চারটি চার আর দুটি ছক্কায় এই ইনিংসটি খেলে নিজের ‘ব্যাটসম্যান’ পরিচয়টাও তুলে ধরেছেন তাইজুল।

ক্রীড়া প্রতিবেদক