ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান নিশ্চিতভাবেই বিশ্বকাপে অংশ নেবে। গত বুধবার সিএনবিসি আয়োজিত এক সম্মেলনে তিনি এই নিশ্চয়তা দেন।
ইনফান্তিনো বলেন, ‘ইরান অবশ্যই বিশ্বকাপে আসবে। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্ত থাকবে। যদি অন্য কেউ সেতুবন্ধ তৈরি করতে না চায়, তবে ফিফা সেই দায়িত্ব পালন করবে।’
ইরানের বিশ্বকাপ খেলার যৌক্তিকতা তুলে ধরে ইনফান্তিনো বলেন, ‘ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করেছে, খেলোয়াড়েরাও খেলতে চায়। খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে পরিস্থিতির অবনতি ঘটে। ইরান শুরুতে টুর্নামেন্ট বর্জনের চিন্তা করলেও পরে ভেন্যু পরিবর্তনের দাবি জানায়। তারা তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার আবেদন করেছিল। তবে ফিফা শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়ে আসছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যে। তিনি ইরানি ফুটবলারদের নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে আসা তাদের জন্য নিরাপদ নাও হতে পারে।
এই মন্তব্যের পর ইরান সরকার কড়া প্রতিক্রিয়া জানায় এবং নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে ভেন্যু বদলানোর চাপ দেয়। তবে ইনফান্তিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ড্র অনুযায়ী নির্ধারিত জায়গাতেই খেলা হবে।
দীর্ঘদিন পাল্টাপাল্টি হামলার পর গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। ইরান বর্তমানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানি জাহাজগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন থমথমে পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি চলছে।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। সূচি অনুযায়ী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইরান। ২১ জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

স্পোর্টস ডেস্ক