বাংলাদেশি পেসারদের মোকাবিলায় প্রস্তুত নিউজিল্যান্ড
গত কয়েক বছরে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশের পেস আক্রমণ। আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন পেসাররা। বাংলাদেশের বর্তমান পেস ইউনিটকে প্রশংসায় ভাসিয়েছে সবাই। প্রতিটি সিরিজ শুরুর আগে আলোচনায় থাকেন তাসকিন-মুস্তাফিজ- নাহিদরা।
দরজায় কড়া নাড়ছে আরেকটি সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামীকাল থেকে। শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে দুদল। কিউইরা ছক কষছে বাংলাদেশের পেসারদের সামলানোর। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন কিউই অধিনায়ক টম লাথাম।
বাংলাদেশের পেস আক্রমণকে কীভাবে সামলাবেন, এমন প্রশ্নে লাথাম বলেন, ‘বাংলাদেশের পেস আক্রমণ বেশ অভিজ্ঞ। এই কন্ডিশনে তাসকিন, মুস্তাফিজ ও রানা ভালো করছে। আমরাও প্রস্তুত আছি তাদের মোকাবিলা করার জন্য। সবকিছু নিয়েই তৈরি আমরা।’
মিরপুরের উইকেট নিয়েও ভাবনার কথা জানিয়েছেন লাথাম। সফরকারীদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হলো, এখানকার আবহাওয়া। তীব্র গরমে মানিয়ে নিতে কষ্ট হবে, তা অস্বীকার করেননি কিউই অধিনায়ক। তবে, সেভাবে নিজেদের প্রস্তুত করছেন বলে জানান তিনি।
লাথাম বলেন, ‘উইকেট ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে, স্পিন কিছুটা ভূমিকা রাখবে। বাংলাদেশ এখন আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। এখানে গরম নিউজিল্যান্ডের চেয়ে বেশি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের ভালোভাবে মানিয়ে নিতে হবে। আমরা যেন সজীব থাকতে পারি। কাল ১০০ ওভার খেলার জন্য যেভাবে প্রস্তুত হওয়া দরকার, সেভাবেই এগোচ্ছি আমরা।’

ক্রীড়া প্রতিবেদক