ক্রিকেটারদের বেতন না দেওয়ার হুমকি ক্রিকেট অস্ট্রেলিয়ার
নতুন বেতন কাঠামোর চুক্তি নিয়ে বেশ ভালোই দ্বন্দ্ব চলছে অস্ট্রেলিয়ার বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে। নতুন চুক্তিতে বেতন বেশ খানিকটা বাড়ানো হয়েছে স্মিথ-ওয়ার্নারদের। কিন্তু লভ্যাংশ ভাগাভাগির প্রশ্নে দুই মেরুতে অবস্থান নিয়েছে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এখন নতুন এই চুক্তি স্বাক্ষর না করলে ক্রিকেটারদের আর বেতন না দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
এ বছরের জুনে শেষ হবে ক্রিকেটারদের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের বেতন-সংক্রান্ত চুক্তি। তার আগেই নতুন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একমত হতে হবে দুই পক্ষকে। সেটা যদি না হয়, তাহলে ক্রিকেটাররা কোনো বেতনই পাবেন না বলে হুমকি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘ক্রিকেটারস অ্যাসোসিয়েশন যদি নতুন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে রাজি না হয়, তাহলে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা নতুন কোনো চুক্তির আওতাভুক্ত হবে না। আর নতুন চুক্তি না হলে ৩০ জুনের পর ক্রিকেটারদের বেতন দেওয়ার কোনো রাস্তা থাকবে না।’
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত নতুন চুক্তিতে খেলোয়াড়দের বেতন বেশ খানিকটা বাড়ানো হয়েছে। তবে গত ২০ বছর ক্রিকেটাররা মোট আয়ের যে নির্দিষ্ট অংশ লভ্যাংশ হিসেবে পেতেন, সেটা রাখা হয়নি নতুন চুক্তিতে। আর এতেই বেশ চটে গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন। এই চুক্তিকে তারা আখ্যায়িত করেছে ‘ক্রিকেট প্রশাসকদের বিজয়, কিন্তু ক্রিকেটের ক্ষতি’ হিসেবে। ক্রিকেট বোর্ডের কাছ থেকে বেতন না দেওয়ার এই হুমকি আসার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্রিকেটারস অ্যাসোসিয়েশন। এক বিবৃতির মাধ্যমে তারা বলেছে, ‘হুমকি… এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে, সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এই হুমকি দেওয়া। আলোচনার টেবিলে তারা খুবই আক্রমণাত্মক মনোভাব নিয়ে হাজির হয়েছিল।’
ক্রিকেট বোর্ডের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর জন্য আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ বয়কটের চিন্তাভাবনাও চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে।

স্পোর্টস ডেস্ক