জোসেফের রেকর্ডে চারে চার ওয়েস্ট ইন্ডিজের
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল তাই সুপার এইটের লড়াইয়ে নামার আগে নিজেদের আত্মবিশ্বাসটা আরেকটু বাড়িয়ে নেওয়ার। সেটা বেশ ভালোভাবেই করেছে ক্যারিবীয়রা।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে প্রথমে ব্যাট করে ১৬৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ১৮ ওভারে ১২৩ রানেই অলআউট হয়ে যায় ইতালি। ৪২ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই সুপার এইটে পা রাখল উইন্ডিজ।
ম্যাচটি নিজের করে নিয়েছেন ক্যারিবীয় পেসার শামার জোসেফ। বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডার হিসেবে তালুবন্দি করেছেন ৪টি ক্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (ছেলে ও মেয়ে উভয় বিভাগ মিলিয়ে) তিনিই প্রথম ক্রিকেটার, যিনি একই ম্যাচে ৪টি উইকেট এবং ৪টি ক্যাচ নেওয়ার অনন্য কীর্তি গড়লেন।
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে উইকেটরক্ষক ছাড়া পঞ্চম ফিল্ডার হিসেবে এক ম্যাচে ৪টি ক্যাচ নেওয়ার রেকর্ডও স্পর্শ করলেন জোসেফ।
১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ইতালি। পাওয়ার প্লের মধ্যেই ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ওপেনার অ্যান্থনি মস্কা (১৯) ও জাস্টিন মস্কা দ্রুত বিদায় নিলে পথ হারায় দলটি।
মাঝে বেন মানেন্তি (২৬) ও স্মাটস (২৪) কিছুটা চেষ্টা করলেও বড় কোনো জুটি গড়তে পারেননি। শামার জোসেফের বোলিং তোপে শেষ পর্যন্ত ১২৩ রানেই থমকে যায় ইতালির ইনিংস। ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন শামার।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক শাই হোপের ব্যাটে বড় সংগ্রহের ভিত্তি পায় ওয়েস্ট ইন্ডিজ। হোপ ৪৬ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ দিকে রোস্টন চেজ (২৪) ও শেরফান রাদারফোর্ডের (২৪) অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ক্যারিবীয়রা।
অভিষেক বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে নজর কেড়েছিল ইতালি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। ৪ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের।

স্পোর্টস ডেস্ক