বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন কারা? কার বেতন কত?
২০২৬ সালের জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৮জন ক্রিকেটারের নাম প্রকাশ করে বিসিবি।
এবারের চুক্তিতে বড় কোনো চমক না থাকলেও ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হয়েছে। আগের ২২ জনের বদলে এবার মোট ২৮ জন ক্রিকেটার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন।
সর্বশেষ চুক্তি থেকে বাদ পড়েছে একটি ক্যাটাগরি। ‘এ’ প্লাসসহ পাঁচটি ক্যাটাগরি ছিল আগের চুক্তিতে। কিন্তু এবার ‘এ’ প্লাস ক্যাটাগরিকে বাদ দিয়ে রাখা হয়েছে চারটি ক্যাটাগরি। তবে বেতন বাড়েনি কোনো ক্যাটাগরিরই।
প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই।
এ গ্রেডে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পাবেন ৮ লাখ টাকা। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।
বি গ্রেডে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পাবেন ৬ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১১ জন ক্রিকেটার। মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
সি গ্রেডে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পাবেন ৪ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ৬ জন ক্রিকেটার। সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
আর ডি গ্রেডে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পাবেন ২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন- পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।

স্পোর্টস ডেস্ক