দক্ষিণ আফ্রিকার বর্ষসেরায় ডি ককের জয়জয়কার
২০১৪ ও ২০১৫—টানা দুই বছর দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে ২০১৬ সালে অধিনায়ককে পেছনে ফেলে দিয়েছেন কুইন্টন ডি কক। প্রথমবারের মতো জিতেছেন বর্ষসেরার পুরস্কার।
শুধু বর্ষসেরাই নয়, আরো বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক। বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে ডি ককের হাতে। বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার গেছে ইমরান তাহিরের ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন ও সমর্থকদের ভোটেও বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ডি কক।
২০১৬ সালটা সত্যিই দুর্দান্ত কাটিয়েছেন বাঁহাতি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা ১৭৮ রানের ইনিংস। গত নভেম্বরে তাঁর দুর্দান্ত শতকে ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জিতে নিয়েছিল টেস্ট সিরিজ। সব মিলিয়ে ২০১৬ সালে আটটি টেস্ট খেলে ৬৩.১৮ গড়ে ডি কক করেছেন ৬৯৫ রান। শতক আছে দুটি। আর ১৭টি ওয়ানডে খেলে করেছেন ৮৬৭ রান। এখানে আছে তিনটি করে শতক ও অর্ধশতক।
দক্ষিণ আফ্রিকার এই বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার এর আগের বছরগুলোতে জিতেছেন ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, শন পোলক, ডেল স্টেইন, গ্রায়েম স্মিথদের মতো তারকারা।

স্পোর্টস ডেস্ক