মুস্তাফিজকে বিগ ব্যাশে চান হেনরিকে
বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের প্রায় সব ঘরোয়া টি-টোয়েন্টি লিগেই পা পড়েছে সাকিব আল হাসানের। তাঁর পর বাংলাদেশের আরেক ক্রিকেটার দাপিয়ে বেড়াতে পারেন টি-টোয়েন্টি লিগগুলো। বলে না দিলেও অনুমান করে নেওয়া যায় যে তিনি মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার এরই মধ্যে নজর কেড়েছেন সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ, আইপিএলে খেলতে গিয়ে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, বিগ ব্যাশেও মুস্তাফিজের খেলা উচিত বলে মন্তব্য করেছেন মোইসেস হেনরিকে।
২০১৬ সালের আইপিএলে প্রথমবারের মতো খেলতে গিয়েই মুস্তাফিজ পেয়েছিলেন শিরোপা জয়ের স্বাদ। সেখানেই মুস্তাফিজকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হেনরিকের। এবারের মৌসুমে অবশ্য মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন মুস্তাফিজ। তবে গত বছরের সেই দুর্দান্ত ফিজকে এখনো ভোলেননি হেনরিকে।
এবারের মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে আলো ছড়াচ্ছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। প্রায় প্রতি ম্যাচেই দারুণ বোলিং করে নজর কাড়ছেন। ঠিক যেমনটা মুস্তাফিজ করেছিলেন গত বছর। অপেক্ষাকৃত দুর্বল দেশের খেলোয়াড় বলে মুস্তাফিজ বা রশিদকে যদি বিগ ব্যাশে খেলানো না হয়, তাহলে সেটা খুব অবিচার হবে বলে মনে করেন হেনরিকে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় উন্নয়নশীল ক্রিকেটীয় দেশ থেকে এসেছে বলে তাদের যদি বিগ ব্যশে খেলানো না হয়, তাহলে সেটা খুব হাস্যকর হবে। রশিদ ও মুস্তাফিজের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তারা বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে সুন্দর মানিয়ে নিতে পারে। আমি নিশ্চিত যে, বিগ ব্যাশে অংশ নেওয়ার মতো যোগ্যতা তাদের আছে।’

স্পোর্টস ডেস্ক